আগরতলা , ০২ আগস্ট : রাজ্য সরকারের কর্মচারি ও পেনশনভোগী অবসরপ্রাপ্ত কর্মচারিদের ৫ শতাংশ মহার্ঘভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় । মন্ত্রিসভার বৈঠক শেষে আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী । ঘোষিত এই মহার্ঘভাতা ১ জুলাই , ২০২২ থেকে কার্যকর হবে । এই ৫ শতাংশ মহার্ঘভাতা দিতে গিয়ে প্রতিবছর রাজ্য সরকারের ব্যয় হবে ৫২৩ কোটি ৮০ লক্ষ টাকা ।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান , স্থির বেতনধারী কর্মচারিরাও এই সুবিধা পাবেন । রাজ্য সরকারের এই বলিষ্ঠ সিদ্ধান্তের ফলে বিশাল সংখ্যক সরকারি কর্মচারি এবং পেনশনভোগী অবসরপ্রাপ্ত কর্মচারি সমাজ উপকৃত হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন । সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আরও জানান , আজকের মন্ত্রিসভার বৈঠকে পূর্ত দপ্তরে ২০০ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর মধ্যে ১০০ জন ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রেড- v ( A ) এবং ১০০ জন গ্রেড- v ( B ) জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে । শীঘ্রই টিপিএসসি'র মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে । তিনি জানান , মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ১০০ জন স্টাফ নার্স নিয়োগ করা হবে । পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ২২ টি ফার্মাসিস্ট ( হোমিওপ্যাথি ) , ২৫ টি ফার্মাসিস্ট ( আয়ুর্বেদিক ) এবং ৩৯ টি ল্যাবোরেটরি টেকনিসিয়ান ( ব্লাড ) পদে লোক নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের মন্ত্রিসভার বৈঠকে ।
তাছাড়াও মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে মাল্টিপারপাস সুপারভাইজার পদে ৯০ টি প্রোমোশনাল পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের রিপসেট - এ বিভিন্ন বিভাগে ৪ টি সহকারী অধ্যাপক পদে নিয়োগের সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায় । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ২৫ টি সুপারনিউমেরারি পদ সৃষ্টি করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে । এক্ষেত্রে যারা গ্রেড- IV এ রয়েছে তাদের গ্রেড -III ( ড্রাইভার ) পদে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান , মন্ত্রিসভার বৈঠকে অর্থ দপ্তরের অন্তর্গত ডিরেক্টরেট অব অডিটে স্থির বেতনে ১২ টি এল ডি সি পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়া তথ্য ও সংস্কৃতি দপ্তরে ১৬ টি পদ সৃষ্টি করা হয়েছে । এর মধ্যে ৪ টি সহকারি অধিকর্তা , ৬ টি সিনিয়র ইনফরমেশন অফিসার এবং ৬ টি রিপোর্টারের পদ সৃষ্টি করা হয়েছে । ৪ টি সহকারি অধিকর্তা এবং ৬ টি সিনিয়র ইনফরমেশন পদ প্রোমোশনের মাধ্যমে পূরণ করা হবে এবং রিপোর্টার পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে ।
সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান , বর্তমান রাজ্য সরকার সংবাদপত্র এবং সাংবাদিক বান্ধব বিভিন্ন সিদ্ধান্ত বিগত দিনে গ্রহণ করেছে । আজকের মন্ত্রিসভার বৈঠকে ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রিডিশন গাইডলাইন ২০২২ এর সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে । তিনি জানান , অ্যাক্রিডিয়েটেড সাংবাদিকদের জন্য ঘোষিত স্বাস্থ্য বীমাকে বাস্তবায়িত করার লক্ষ্যে এই সংশোধণ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রিডিটিশন গাইডলাইন ২০২২ সংশোধনের মাধ্যমে সাংবাদিকদের সুবিধার্থে বিভিন্ন ক্ষেত্রে অনেকটাই শিথিলতা আনা হয়েছে ।
সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান । রাজ্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তরের গণবন্টন ব্যবস্থার মাধ্যমে নতুন সোয়া চাংক -এর ২০০ গ্রাম প্যাকেট দেওয়ার । এক্ষেত্রে প্রতিমাসে প্রতি পরিবারকে ২০০ গ্রাম সোয়া চাংক -এর প্যাকেট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাছাড়াও রাজ্য সরকার কৃষকদের কথা বিবেচনা করে সুশংহত শস্য ব্যবস্থাপনা প্রোগ্রামের অধীনে অতিরিক্ত ২০ হাজার হেক্টর চাষযোগ্য জমিতে ধান চাষ করার সিদ্ধান্ত নিয়েছে । একই সঙ্গে কৃষকদের বিভিন্ন ভাবে সহায়তা করা হবে এই কর্মসূচিতে ।
Political : সিমনার ব্রহ্মকুণ্ডে বিজেপির যুব মোর্চা সদর গ্রামীন জেলার কার্যকারিণী বৈঠক

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন