TTAADC Election : এডিসি নির্বাচনকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি, কড়া নিরাপত্তায় ইভিএম নিয়ে রওনা ভোটকর্মীরা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

TTAADC Election : এডিসি নির্বাচনকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি, কড়া নিরাপত্তায় ইভিএম নিয়ে রওনা ভোটকর্মীরা

Share This

 


আগরতলা, ১১ এপ্রিল : রবিবার ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচন। এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজ্যজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে একাধিক কড়া পদক্ষেপ।


শনিবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন ভোটকর্মীরা। গোটা প্রক্রিয়াটি তদারকি করেন ২৬ নং বীরচন্দ্র কলসী আসনের রিটার্নিং অফিসার শান্তি রঞ্জন চাকমা।


প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ২৮টি আসনের মধ্যে ২৬ নং বীরচন্দ্র কলসী আসনে রয়েছে ৪৫টি পোলিং স্টেশন। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৭,৫২৬ জন, যার মধ্যে মহিলা ভোটার ১৮,৮৯০ জন এবং পুরুষ ভোটার ১৮,৬৩৬ জন। প্রতিটি বুথে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


এদিকে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ তমাল মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানান। দক্ষিণ ত্রিপুরায় নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান আইজিপি (TSR) শ্রী কেরি মারাক। একইসঙ্গে, দক্ষিণ জেলার পুলিশ সুপার নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত ব্রিফ প্রদান করেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে।


রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানান, এবারের নির্বাচনে মোট ১,২৫৭টি পোলিং স্টেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ত্রিপুরার প্রতিটি জেলার জেলাশাসকরা ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী একাধিক বিধিনিষেধ জারি করেছেন। এই নির্দেশিকা ১০ এপ্রিল বিকেল ৪টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। নির্দেশিকা অনুযায়ী, নির্বাচনী এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, অস্ত্র বা অস্ত্র সদৃশ বস্তু বহন, মাইক বা শব্দবর্ধক যন্ত্র ব্যবহার এবং সভা-মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।


এছাড়া, দুই বা ততোধিক মোটরসাইকেল বা মোটরযানে দলবদ্ধভাবে চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই বিধিনিষেধ নির্বাচন দায়িত্বে নিয়োজিত ভোটকর্মী, সি.এ.পি.এফ., পুলিশ, টিএসআর, সরকারি কর্মচারী, অনুমোদিত সংবাদমাধ্যমের প্রতিনিধি, জরুরি পরিষেবা ও খাদ্যসামগ্রী পরিবহণকারী যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। রিটার্নিং অফিসার বা নির্বাচন কর্তৃপক্ষের অনুমতিপ্রাপ্ত যানবাহনও এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ১৮৯ ধারা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


সবমিলিয়ে, আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরাজুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। আগামীকাল সকাল থেকেই শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া, এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad