আগরতলা, ০৯ ফেব্রুয়ারি : সোমবার সকালে সিপাহীজলা জেলার উত্তর কলমচৌড়া এলাকায় গাঁজা বিরোধী অভিযানে গিয়ে তীব্র প্রতিরোধের মুখে পড়ে আসাম রাইফেল ও বিএসএফ-এর যৌথ বাহিনী। সংঘবদ্ধভাবে গাঁজা চাষিদের হামলায় চারজন আসাম রাইফেল জওয়ান আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত অভিযান স্থগিত করে পিছু হটতে বাধ্য হয় যৌথ বাহিনী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালেই উত্তর কলমচৌড়া এলাকায় গাঁজা চাষ ধ্বংস ও মজুত গাঁজা উদ্ধারের উদ্দেশ্যে যৌথ বাহিনী অভিযান শুরু করে। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সক্রিয় গাঁজা চাষিরা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র, লাঠি এবং ইট-পাটকেল নিয়ে বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। চারদিক থেকে ঘিরে ধরে লাগাতার আক্রমণ চালানো হয় বলে অভিযোগ।
হঠাৎ এই সংঘবদ্ধ হামলায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ধারালো অস্ত্র প্রদর্শন করে ও ইট-পাটকেল নিক্ষেপের ফলে চারজন আসাম রাইফেল জওয়ান গুরুতরভাবে আহত হন। পরিস্থিতি সামাল দিতে এবং আত্মরক্ষার্থে বিএসএফ ও আসাম রাইফেল জওয়ানরা শূন্যে প্রায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়ে। তবুও হামলাকারীরা পিছু হটেনি বলে জানা গেছে।
ক্রমশ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে আশঙ্কায় যৌথ বাহিনী শেষ পর্যন্ত অভিযান স্থগিত করে এলাকা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের শারীরিক অবস্থার ওপর প্রশাসন নজর রাখছে।
স্থানীয় সূত্রের দাবি, এই সময়ে এলাকায় শুকনো গাঁজা সংগ্রহ ও মজুত করার কাজ চলছে। গাঁজার মজুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পড়তে পারে—এই আশঙ্কা থেকেই গাঁজা চাষিরা সংঘবদ্ধ হয়ে এমন দুঃসাহসী হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন