আগরতলা, ০৩ মে : সরকারি দফতরে আর্থিক অনিয়মের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বায়োটেকনোলজি দপ্তরের এক কর্মী, সুরজিৎ চক্রবর্তীকে অফিসারের স্বাক্ষর জাল করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দফতরের ভেতরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই পরিকল্পিতভাবে এই জালিয়াতির কাজ চালিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত। অভিযোগ, সংশ্লিষ্ট উচ্চপদস্থ অফিসারের স্বাক্ষর নকল করে বিভিন্ন আর্থিক নথি তৈরি করা হতো এবং সেই নথির মাধ্যমে সরকারি তহবিল থেকে অর্থ উত্তোলন করা হত। প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে, এটি কোনও হঠকারী কাজ নয়, বরং সুপরিকল্পিতভাবে দীর্ঘ সময় ধরে চালানো একটি প্রতারণার চক্র।
ঘটনাটি সামনে আসার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে। পাশাপাশি, এই জালিয়াতির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী আধিকারিকরা দফতরের অন্যান্য কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখছেন।
অভিযুক্ত সুরজিৎ চক্রবর্তীকে আদালতে পেশ করা হয়েছে বলে জানা গেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।এই ঘটনার পর সরকারি দফতরের আর্থিক স্বচ্ছতা, নিরাপত্তা ব্যবস্থা এবং নথি যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কঠোর নজরদারি ও ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা আরও জোরদার করা জরুরি।
Negligence in Power System: কমলপুরে গরুর মৃত্যু, উদয়পুরে ট্রান্সফরমার ধসে ক্ষতিগ্রস্ত গাড়ি


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন