আগরতলা, ০৪ সেপ্টেম্বর : রাজধানী দিল্লিতে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এবং তিপ্রা মথা-র সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। বৈঠকে আসন্ন টিটিএএডিসি (Tripura Tribal Areas Autonomous District Council)-র ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বিজেপি-তিপ্রা মথা জোটের নির্বাচনী কৌশলসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
সূত্রের খবর, জনজাতি এলাকায় জোটের সমন্বয় আরও শক্তিশালী করা, ভিলেজ কাউন্সিল নির্বাচনে আসন সমঝোতা এবং উন্নয়নমূলক কর্মসূচিকে সামনে রেখে যৌথভাবে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার বিষয়গুলি বৈঠকে গুরুত্ব পেয়েছে। এছাড়াও ত্রিপুরার সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং উপজাতি এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের কোর্ডিনেটের ডাঃ সম্বিত সংগীত পাত্রার উপস্থিতিতে এদিন আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিজেপি ও তিপ্রা মথা বর্তমানে ত্রিপুরা সরকারে জোটবদ্ধভাবে কাজ করছে। রয়েছেন দুজন মন্ত্রীও। তবে লেডিসের সাধারণ নির্বাচনে বিজেপি ও তিপ্রা মথা দল আলাদা আলাদা ভাবে লড়াই করে, এতে তিপ্রা মথা বিশাল জয়লাভ করে। আগামী ভিলেজ কাউন্সিল নির্বাচনকে উভয় দলের কাছেই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দশ বছর বাদে অনুষ্ঠিত এই নির্বাচনের প্রেক্ষাপটে দিল্লিতে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সামাজিক মাধ্যমে পোস্টের বয়ান অনেকটা দুই দলের মধ্যে জোটের আভাস দিচ্ছে বলেই মনে করছে অনেকে। যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে এই সাক্ষাৎ জোটের ভবিষ্যৎ নির্বাচনী রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।
Health Care : রাজ্যে হফল ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন পদ্ধতি, জিবিপি হাসপাতালে নিরাপদ কৃত্রিম গর্ভধারণ


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন