উদয়পুর, ৬ সেপ্টেম্বর : গোমতী জেলার উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো দশম শ্রেণির এক স্কুলপড়ুয়া ছাত্রের। মৃত ছাত্রের নাম দেবজিৎ দে (১৬)। তার বাড়ি উদয়পুরের পোল্ট্রি রোড এলাকায়। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, রবিবার দুপুর প্রায় ৩টা নাগাদ দেবজিৎ কয়েকজন বন্ধুর সঙ্গে জগন্নাথ দীঘিতে স্নান করতে যায়। স্নানের একপর্যায়ে হঠাৎ সে গভীর জলে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রশাসনের কাছে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর মহকুমা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, আপদা মিত্রের সদস্যরা এবং দমকল দপ্তরের উদ্ধারকারী দল। প্রায় এক ঘণ্টার টানা তল্লাশির পর জলের নিচ থেকে দেবজিতের নিথর দেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের একমাত্র সন্তান দেবজিতের অকালমৃত্যুতে তার পরিবার ভেঙে পড়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় উদয়পুরজুড়ে নেমে এসেছে গভীর শোক, পাশাপাশি জলাশয়ে স্নানের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন