West Bengal Election : ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া নজর কমিশনের, ফলতায় একাধিক বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

West Bengal Election : ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া নজর কমিশনের, ফলতায় একাধিক বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব

Share This

 


কোলকাতা, ০১ মে : ভোট-পরবর্তী পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এবং গণনার দিন নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে গত সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, এন কে মিশ্র, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। জেলা শাসক ও পুলিশ সুপারদের সতর্ক থাকার পাশাপাশি, কোথাও হিংসার খবর পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আধাসামরিক বাহিনী মোতায়েনের কথাও স্পষ্টভাবে জানানো হয়েছে।


এদিকে, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রায় ৩০টি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব পাঠিয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। কমিশন সূত্রে জানা গেছে, কয়েকটি বুথে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল, ফলে কন্ট্রোল রুমে তথ্য পৌঁছায়নি। আরও অভিযোগ, ইভিএমে টেপ লাগিয়ে অন্য দলের প্রতীক ঢেকে দেওয়া হয়, যার ফলে ভোটারদের বিকল্প পছন্দের সুযোগ বাধাগ্রস্ত হয়। দুপুর ১টার মধ্যে প্রায় ৫৮ শতাংশ ভোট পড়ে যাওয়ার পর এই অনিয়ম সামনে আসে। এই কারণেই সংশ্লিষ্ট বুথগুলিতে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছে।


অন্যদিকে, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, স্ট্রং রুমগুলিতে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি চালানো হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁকফোকর নেই। তিনি দাবি করেন, অনিয়মের কোনও প্রমাণ মেলেনি। আগামী সোমবার পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরালা, তামিলনাড়ু, অসম ও পুদুচেরিতেও ভোট গণনা অনুষ্ঠিত হবে।


রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের জন্য ৭৭টি গণনা কেন্দ্র নির্ধারিত হয়েছে। এই কেন্দ্রগুলির নিরাপত্তায় প্রায় ১,৮৫০ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।


গণনার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ থেকেই একাধিক জেলায় পরিদর্শন শুরু করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি জানিয়েছেন, গণনা কেন্দ্রগুলির পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্ধারিত প্রোটোকল সঠিকভাবে মানা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করাই এই সফরের মূল লক্ষ্য।



ভোট গণনাকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি বা অনিয়ম না ঘটে, সেদিকে নজর রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন।




Assembly News : নারী শক্তি বন্ধন অধিনিয়মে সমর্থনে বিধানসভায় প্রস্তাব গৃহীত, নারী ক্ষমতায়নে বড় পদক্ষেপের দাবি মুখ্যমন্ত্রীর


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad