কোলকাতা, ১৬ জানুয়ারি : উত্তর-পূর্ব ও উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে একাধিক নতুন ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেলস্টেশন পরিদর্শন করেন এবং রেল পরিকাঠামো ও পরিষেবা সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ দিকগুলি খতিয়ে দেখেন।
রেল সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই হাওড়া–কামাখ্যা রুটে দুটি বন্দে ভারত সেমি হাইস্পিড স্লিপার ট্রেন চালু হতে চলেছে। একটি ট্রেন হাওড়া থেকে ছেড়ে কামাখ্যা যাবে এবং অপরটি কামাখ্যা থেকে হাওড়া ফিরবে। এই দুটি ট্রেন মোট ১৩টি স্টেশনে যাত্রাবিরতি দেবে। এর মধ্যে উল্লেখযোগ্য স্টেশনগুলি হল—নিউ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি ও আলুয়াবাড়ি। এই নতুন পরিষেবার ফলে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে দ্রুত, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও চারটি ‘অমৃত ভারত’ ট্রেন চালুর ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি নিউ জলপাইগুড়ি থেকে তিরুচিরাপল্লী, দ্বিতীয়টি নিউ জলপাইগুড়ি থেকে নাগেরকয়েল, তৃতীয়টি নিউ জলপাইগুড়ি থেকে ব্যাঙ্গালোর এবং চতুর্থটি আলিপুরদুয়ার থেকে মুম্বই পর্যন্ত চলবে। পাশাপাশি বালুরঘাট ও রাধিকাপুর থেকেও দুটি অমৃত ভারত এক্সপ্রেস চালু করা হবে।
রেল কর্তৃপক্ষের মতে, এই নতুন ট্রেন পরিষেবাগুলির ফলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রে যাতায়াত অনেকটাই সহজ ও দ্রুত হবে। বিশেষ করে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলের সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও কর্মজীবীরা ব্যাপকভাবে উপকৃত হবেন।
রেল সূত্রে আরও জানানো হয়েছে, আগামীকাল আনুষ্ঠানিকভাবে এই নতুন ট্রেনগুলির উদ্বোধন করা হবে। এই উদ্যোগকে কেন্দ্র করে গোটা অঞ্চলে রেল যোগাযোগের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন