আগরতলা, ১২ নভেম্বর : ব্যবসায়িক ক্ষেত্রে ছোটখাট প্রক্রিয়াগত আইন উল্লঙ্ঘনের ক্ষেত্রে আইনী জটিলতাকে সহজতর করে ব্যবসা-বানিজ্যের সুবিধা দিতে স্টেট লেভেল ডিক্রিমিনালাইজেশন রিফর্মস, বিসনেজ রিজমস একশন প্ল্যান (বিআরএপি) এবং ডিস্ট্রিক্ট বিসনেজ রিজমস একশন প্ল্যান (ডিবিআরএপি) বিষয়ে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে একদিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন মুখ্যসচিব জে কে সিনহা। শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, অর্থ দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ড. কে শশী কুমার, নগর উন্ননয়ন দপ্তরের সচিব ড. মিলিন্দ রামটেকে, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ডিপিআইআইটি-র ডিরেক্টর রাকেশ কুমার প্রজাপতি, জেলা শাসক ও সমাহর্তাগণ, ক্ষেত্রীয় পর্যায়ের আধিকারিকগণ ছাড়াও রাজ্যের শিল্প ও বাণিজ্যিক সংস্থার, আসাম, মেঘালয় ও মিজোরামের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, ইতিমধ্যে রাজ্য সরকার বিআরএপি এবং ডিবিআরএপি ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছে এবং কম সময়ের মধ্যে কমপ্লায়েল রিডাকশন ও ডি-রেগুলেশন বাস্তবায়নের ব্যাপারে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তবে তা নিয়ে আত্মতুষ্টির অবকাশ নেই। এই উদ্যোগের প্রকৃত সাফল্য আসবে একমাত্র তৃণমূল স্তরে এই ব্যবস্থা সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে। প্রতিটি জেলায় এই সাফল্যের মূল্যায়নের জন্য জেলা ভিত্তিক র্যাংকিং ব্যবস্থা চালু করার প্রস্তাব রয়েছে। ত্রিপুরার এই উদ্যোগের কারণে কেন্দ্রীয় সরকার রাজ্যের উপর আস্থা জানিয়েছে। তার ফলস্বরূপ ডেস্টিনেশন ত্রিপুরা-২০২৬-এর মত বড় দায়িত্ব পেয়েছে রাজ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে আইনী জটিলতা হ্রাস করার ব্যাপারে ত্রিপুরা সরকার কি কি উদ্যোগ নিয়েছে সে সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করেন এবং বিআরএপি ও ডিবিআরএপি সংস্কারের বাস্তবায়নমূলক চিত্রও তুলে ধরেণ। তিনি ডি-রেগুলেশন সংক্রান্ত সংস্কারমূলক পদক্ষেপগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে বিভিন্ন সংশিষ্ট দপ্তর ও জেলা প্রশাসন দ্বারা ইতিবাচক ও সক্রিয় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।
ডিপিআইআইটি- এর ডিরেক্টর রাকেশ কুমার প্রজাপতি রাজ্য স্তরে জন বিশ্বাস ডি-ক্রিমিন্যালাইজেশন রিফর্মস-এর উপর গুরুত্ব আরোপ করে বলেন, উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যই ছোট খাট প্রক্রিয়াগত অপরাধের জন্য ফোজদারি শাস্তি প্রদানের পরিবর্তে সাধারণ দেওয়ানি সমাধান খোঁজার লক্ষ্যে আইন প্রণয়ন করেছে এবং বিআরএপি-২০২৬ এর অধীনে বিভিন্ন সংস্কারমূলক ব্যবস্থা বাস্তবায়ন করছে। আইনী জটিলতা হ্রাস করে স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের অন্তর্গত যেসব আঞ্চলিক উদ্যোগ গড়ে উঠেছে সেগুলিকে ক্ষমতায়নের উপর বিশেষ জোর দেন তিনি।
টেকনিক্যাল সেশনে ডিপিআইআইটি এবং বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত ধারণার অভিজ্ঞতা ও চলতি বেস্ট প্র্যাক্টিসের ব্যাপারে আলোচনা করেন। শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা দীপক কুমারও বক্তব্য রাখেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন