National : আগামী বছরের মধ্যে সব রাজ্যের রাজধানীতে FRRO অফিস স্থাপনের উদ্যোগ, উপকৃত হবে ত্রিপুরাও - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

National : আগামী বছরের মধ্যে সব রাজ্যের রাজধানীতে FRRO অফিস স্থাপনের উদ্যোগ, উপকৃত হবে ত্রিপুরাও

Share This

 


আগরতলা, ০২ নভেম্বর : দেশের প্রতিটি রাজ্যের রাজধানীতে আগামী বছরের মধ্যে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) স্থাপনের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে দেশের ২০টি রাজ্যে এই অফিস চালু রয়েছে। এবার বাকি রাজ্যগুলিতেও এই পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিদেশি নাগরিকদের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধা হবে। বিশেষ করে পর্যটন, চিকিৎসা ও শিক্ষার উদ্দেশ্যে ভারতে আসা বিদেশিরা এর মাধ্যমে উপকৃত হবেন।


স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক বছরগুলিতে পর্যটন, চিকিৎসা ও উচ্চশিক্ষার কারণে ভারতে বিদেশি নাগরিকদের আগমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে বিদেশি নাগরিকদের বিভিন্ন প্রশাসনিক ও আইনি পরিষেবা সহজলভ্য করতে প্রতিটি রাজ্যের রাজধানীতে FRRO অফিস স্থাপনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিদেশি নাগরিকদের সুবিধা বৃদ্ধি এবং তাঁদের পরিষেবা প্রদানের প্রক্রিয়া আরও সহজ করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে।


FRRO অফিসের মাধ্যমে ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকরা ভিসার মেয়াদ বৃদ্ধি, রেজিস্ট্রেশন, অবস্থান সংক্রান্ত অনুমতি এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি সহায়তা পেয়ে থাকেন। ফলে সংশ্লিষ্ট পরিষেবার জন্য দূরবর্তী শহরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে।


কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ ত্রিপুরার ক্ষেত্রেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত থাকা ত্রিপুরায় প্রতিবছর বিভিন্ন কারণে বিদেশি নাগরিকদের যাতায়াত রয়েছে। পাশাপাশি রাজ্যের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে রাজ্য সরকারও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক পর্যটনকেন্দ্রগুলিকে ঘিরে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই রাজ্যে।


বিশেষ করে মহারাজা বীরবিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের পর্যায়ে উন্নীত করার সম্ভাবনা বাস্তবায়িত হলে ভবিষ্যতে বিদেশি পর্যটকদের আগমন আরও বাড়তে পারে বলে আশাবাদী পর্যটন মহল। সেই প্রেক্ষাপটে আগরতলায় একটি FRRO অফিস স্থাপিত হলে বিদেশি পর্যটক, শিক্ষার্থী, চিকিৎসাপ্রার্থী এবং অন্যান্য বিদেশি নাগরিকদের প্রশাসনিক পরিষেবা গ্রহণ অনেক সহজ হবে।


বিশেষজ্ঞ মহলের মতে, পর্যটন পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি বিদেশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পরিষেবা নিশ্চিত করাও আন্তর্জাতিক পর্যটন বিকাশের অন্যতম শর্ত। তাই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ত্রিপুরার পর্যটন সম্ভাবনাকে আরও প্রসারিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। একই সঙ্গে রাজ্যের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ ও পর্যটন শিল্পের বিকাশেও নতুন গতি সঞ্চারিত হওয়ার প্রত্যাশা রয়েছে।






Urban Body Election : পুরভোটে বিজেপি-তিপ্রা মথার জোট, আসন সমঝোতা নিয়ে চলছে আলোচনা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad