Deendayal Upadhyaya : আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপিত - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Deendayal Upadhyaya : আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপিত

Share This


 
পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে মঙ্গলবার মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও সংস্কৃতি দপ্তর। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

আগরতলা, ২৫ সেপ্টেম্বর : প্রখর দেশপ্রেমিক, একাত্ম মানবতাবাদের প্রবক্তা পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে মঙ্গলবার মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও সংস্কৃতি দপ্তর। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় সর্বদাই ভারতীয় সংস্কৃতি, কৃষ্টি ও পরম্পরা নিয়ে ভাবতেন। তিনি বিশ্বাস করতেন, প্রকৃতি থেকে শিক্ষা নিয়েই মানব সমাজকে এগিয়ে যেতে হবে। তাঁর ভাবধারায় প্রত্যেক মানুষ একে অপরের পরিপূরক। দেশসেবায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ, আর আজকের প্রজন্মকে স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখার্জি ও দীনদয়াল উপাধ্যায়ের মতো মনীষীদের জীবন ও দর্শন সম্পর্কে জানতে হবে।


মুখ্যমন্ত্রী আরও বলেন, কমিউনিজম ও সোশ্যালিজমের মতো মতবাদ বিভেদ সৃষ্টি করে, যার ফলে প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না। দেশের কল্যাণে দীনদয়ালের একাত্ম মানবতাবাদই পথপ্রদর্শক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করছেন। রাজ্য সরকার ‘প্রতি ঘরে সুশাসন’ কর্মসূচিসহ নানা উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিচ্ছে।


তিনি জানান, রাজ্যের অর্থনৈতিক সূচক উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। বর্তমানে মাথাপিছু আয় ও জি.এস.ডি.পি.-র নিরিখে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। একইসঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থে জি.এস.টি.-র হার সংশোধন করা হয়েছে।


অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, অন্ত্যোদয় পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তিনি দেশীয় পণ্য ব্যবহারের উপর জোর দেন এবং স্বদেশি প্রযুক্তি নির্ভর জীবনের আহ্বান জানান।

এদিন স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্তকে মরণোত্তর দীনদয়াল উপাধ্যায় জাতীয় সংহতি পুরস্কার প্রদান করা হয়। তাঁর কন্যা স্বপ্না দাশগুপ্ত ও পুত্র শুভেন্দু দাশগুপ্ত মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। এছাড়া প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এম.বি.বি. বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সৃষ্টি দাস, দ্বিতীয় হন স্নেহা সাহা এবং তৃতীয় রেশমী নমঃশূদ্র।


অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি. কে. চক্রবর্তী, সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী এবং অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দীনদয়াল উপাধ্যায়ের জীবন ও ভাবধারা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।




Tripura Police: শারদোৎসবের আগে নেশা বিরোধী অভিযানে সক্রিয় পুলিশ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad