আগরতলা, ১৮ জানুয়ারি : আগরতলা রেল স্টেশনে রেল পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও নিষিদ্ধ মাদকসহ বিহারের দুই যুবককে আটক করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আরপিএফ ও ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখা সাদা পোশাকে এই অভিযান চালায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় আগরতলা রেল স্টেশন চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল দুই যুবক। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি রাউন্ড বুলেট এবং ১০০ বোতল নিষিদ্ধ এসকফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলটি দেশি না বিদেশি—তা তদন্তের পর নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ। পাশাপাশি ওই পিস্তলে ব্যবহারযোগ্য দুটি লাইট কার্তুজও উদ্ধার হয়েছে।
এই ঘটনার বিস্তারিত জানিয়ে ডিআইজি রতি রঞ্জন দেবনাথ বলেন, “রেল স্টেশন একটি সংবেদনশীল এলাকা। তাই এখানে নিয়মিত নজরদারি চালানো হয়। গোপন খবরের ভিত্তিতে আমরা এই যৌথ অভিযান চালাই এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করতে সক্ষম হই।” তিনি আরও জানান, উদ্ধার হওয়া মাদক ও অস্ত্র কোথা থেকে আনা হয়েছে, এগুলোর গন্তব্য কোথায় ছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না—তা জানতে ব্যাপক তদন্ত শুরু হয়েছে।
ধৃত দুজনের পরিচয় জানা গেছে। তাদের একজনের নাম কার্তিক যাদব এবং অপরজন আমুদ। দুজনেই বিহারের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইন এবং আর্মস অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করার প্রস্তুতি চলছে।
পুলিশের এই সাফল্য রাজ্যে বেআইনি অস্ত্র ও মাদক পাচার রোধে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তদন্ত শেষ হলে এই ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্র সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে পুলিশ আশাবাদী।
Crime : হাপানিয়া মেলা থেকে স্কুটি চুরি- পুলিশের জালে চোর, উদ্ধার তিনটি মোটরসাইকেল


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন