Cabinet Decision : বিভিন্ন দপ্তরে ৪৪৫টি শূন্যপদে নিয়োগ, আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Cabinet Decision : বিভিন্ন দপ্তরে ৪৪৫টি শূন্যপদে নিয়োগ, আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ

Share This


 আগরতলা, ১৩ ফেব্রুয়ারি : আগামীদিনে রাজ্যের বিভিন্ন দপ্তরের জন্য মোট ৪৪৫টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ দুটিতে পঠনপাঠন শুরু হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গতকালের মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।


সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী জানান, রাজ্যে প্রথমবারের মতো ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিসের ৩৩০টি পদ সৃষ্টি করা হয়েছে। তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধীনে অ্যাসিস্টেন্স টেকনিক্যাল অফিসার, ডেপুটি টেকনিক্যাল অফিসার, টেকনিক্যাল অফিসার, সিনিয়র টেকনিক্যাল অফিসার নামে এই পদগুলি সৃষ্টি করা হয়েছে। এরমধ্যে টি.পি.এস.সি'র মাধ্যমে সরাসরি ২২০টি অ্যাসিস্টেন্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রোনিক ও টেলিকমিউনিকেশন, আই.টি.-তে ব্যাচেলর এবং এম.সি.এ. ডিগ্রিধারীরা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বাকি ১১০টি পদ দপ্তরের পদোন্নতির ভিত্তিতে পূরণ করা হবে। তিনি বলেন, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধীনে ১১০ জন ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হবে। টি.পি.এস.সি.'র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। স্বাস্থ্য দপ্তরের অধীনে ৫০ জন করে মোট ১০০ জন পুরুষ ও মহিলা এম.পি.ডব্লিউ. নিয়োগ করা হবে।


সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকভাবে উদয়পুরের চন্দ্রপুরে আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের পঠনপাঠন শুরু হবে। যদিও মূল আয়ুর্বেদিক কলেজটি উদয়পুরের টেপানিয়াতে স্থাপন করা হবে। তাছাড়া আগরতলার রেন্টার্স কলোনীস্থিত হোমিওপ্যাথিক হাসপাতালেই হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের পড়াশোনা শুরু হবে। উভয় মেডিক্যাল কলেজেই ৬০টি করে আসন থাকবে। তাছাড়াও তিনি বলেন, গতকালের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ৮ জন এম.টি.এস. (গ্রুপ-ডি), বিদ্যুৎ দপ্তরের অধীনে ট্রেডাতে ৭ জন এল.ডি.সি. নিয়োগ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দিল্লিতে কর্মরত টি.এসআর, বাহিনীর এইচ.আর.এ. (হাউস রেন্ট অ্যালাউন্স) ২৪ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে। জনজাতি কল্যাণ দপ্তরের অধীন আবাসিক বিদ্যালয়ের ৩৭,৭৭৩ জন আবাসিকদের প্রাত্যহিক বৃত্তি ৮০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার সিদ্ধান্তও মন্ত্রিসভায় নেওয়া হয়েছে বলে জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।





ST Welfare : 'মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা'র অধীনে সুবিধাভোগীদের সাথে মতবিনিময়ে মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad