আগরতলা, ২২ ফেব্রুয়ারি : রাজ্যে ক্রীড়াক্ষেত্রের মান উন্নয়নে রাজ্য সরকার নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে। এ সমস্ত পদক্ষেপের মধ্যে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে অনেকগুলো উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এতে রাজ্যে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে। রবিবার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ত্রিপুরা স্টেট গেমস-২০২৬'র উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।
মশাল প্রজ্জ্বলন ও বেলুন উড়িয়ে গেমসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন শরীর ও মনকে স্বাস্থ্যসম্মত রাখতে খেলাধুলার বিকল্প নেই। দেশের মানব সম্পদের অন্যতম বৃহৎ অংশ ছাত্র-ছাত্রী ও যুবাদের পড়াশুনার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রের সাথে যুক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ জোড় দিয়েছেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে 'খেলো ইন্ডিয়া' সহ নানা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। রাজ্য সরকারও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, গত ৫ বছরে সরকার রাজ্যের ক্রীড়া পরিকাঠামোয় দ্রুত উন্নয়ন ঘটিয়েছে। রাজ্যে খেলাধুলার মান উন্নয়নে সরকার ধারাবাহিক প্রচেষ্টা নিয়েছে। রাজ্যে বিভিন্নস্তরে জাতীয় ক্রীড়ার আয়োজন করা হচ্ছে। গত ১ বছরে রাজ্যের ছেলেমেয়েরা জাতীয়স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় ২২টি মেডেল পেয়েছে। গত ৫ বছরে প্রাপ্ত মেডেলের সংখ্যা ১০০টির মতো। ক্রীড়ামন্ত্রী বলেন, রাজ্যে ক্রীড়া প্রতিভার অন্বেষণেই ত্রিপুরা স্টেট গেমসের আয়োজন করা হয়েছে। এই গেমসের রাজ্যের ৮ জেলার প্রায় ৩ হাজার ছেলেমেয়ে অংশ নিয়েছে।
ত্রিপুরা স্টেট গেমস-২০২৬'র উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসাম রাইফেলসের জওয়ানদের ব্যান্ড, ছাত্রছাত্রীদের মার্চপাস্ট ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে গেমসের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক মীনারাণী সরকার, প্রখ্যাত জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার, ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, সহ অন্যান্যরা।
Road Accident : উদয়পুর ও বিশালগড়ে মর্মান্তিক পথদুর্ঘটনা, মৃত ই-রিক্সা চালক, আহত একাধিক


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন