আগরতলা, ২১ ফেব্রুয়ারি : পুজো দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক ই-রিক্সা চালক। মৃতের নাম রতন সরকার (৪০)। তাঁর বাড়ি আগরতলার বাধারঘাট থানার অন্তর্গত মাতৃপল্লী এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, উদয়পুরের মাতারবাড়ি থেকে পুজো সেরে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, দ্রুতগতির কোনও গাড়ির ধাক্কাতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবারে স্ত্রী ও এক কন্যা রয়েছে বলে জানা গেছে।
এদিকে একই দিনে বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায় বিদ্যুৎ নিগম কার্যালয়ের সামনে জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হন একাধিক যাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দুটি বাসই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায় এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের বক্তব্য, জাতীয় সড়কে নিয়মিত পুলিশি নজরদারি ও গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার না হলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা কঠিন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন