Cultural Haritage : মোহনপুরে ‘মা সৌন্দর্য চিন্ময়ী’র মূর্তি প্রতিষ্ঠায় মোহন ভাগবত, মঞ্চে রাজমাতা দর্শক আসনে মহারাজা প্রদ্যুৎ ! - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Cultural Haritage : মোহনপুরে ‘মা সৌন্দর্য চিন্ময়ী’র মূর্তি প্রতিষ্ঠায় মোহন ভাগবত, মঞ্চে রাজমাতা দর্শক আসনে মহারাজা প্রদ্যুৎ !

Share This


আগরতলা, ২১ এপ্রিল :
মঙ্গলবার মোহনপুরে এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক আবহে অনুষ্ঠিত হলো ‘মা সৌন্দর্য চিন্ময়ী’র মূর্তি প্রতিষ্ঠা ও পবিত্র কুম্ভাভিষেক অনুষ্ঠান। চিন্ময় মিশন স্কুল প্রাঙ্গণে ১৫-ফুট উচ্চতার একক-শিলা গ্রানাইট পাথরে নির্মিত এই মূর্তির প্রতিষ্ঠা উপলক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত এবং ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু। পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথ সহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ।


অনুষ্ঠান মঞ্চে বিশেষ গুরুত্ব পেয়েছেন রাজমাতা বিভূ কুমারী দেবী। অন্যদিকে দর্শকাসনের প্রথম সারিতে বসে পুরো অনুষ্ঠান উপভোগ করেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এডিসি নির্বাচন পরবর্তী উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রাজপরিবারের এই দুই প্রভাবশালী ব্যক্তিত্বের উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করছে বলে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেন, এই মূর্তিকে ঘিরে শ্রী আদি শংকরাচার্য রচিত ‘সৌন্দর্য লহরী’র শ্লোক ও বাণী সম্বলিত ২৭টি স্তম্ভ নির্মিত হয়েছে, যা মানুষের শুভ চিন্তন ও মহাজাগতিক সংযোগের ভাবনাকে আরও সমৃদ্ধ করবে। তিনি আশা প্রকাশ করেন, এই স্থানটি ভবিষ্যতে শিক্ষা, আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।


মন্ত্রী রতনলাল নাথ তাঁর বক্তব্যে এই ঘটনাকে ‘অলৌকিক আভা’র সঙ্গে তুলনা করে বলেন, মোহন ভাগবতজীর উপস্থিতিতে এই ভূমি ধন্য হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই পবিত্র স্থান আগামী দিনে জ্ঞান, ভক্তি ও চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।


উল্লেখ্য, মন্দিরটির স্থাপত্যশৈলীও অত্যন্ত অনন্য। তামিলনাড়ু থেকে আনা ২৭টি কৃষ্ণবর্ণের শিলাস্তম্ভ হিন্দু জ্যোতিষশাস্ত্রের ২৭টি নক্ষত্রের প্রতীক হিসেবে স্থাপন করা হয়েছে। বিশেষভাবে লক্ষ্যণীয়, মূর্তির উপর কোনো কৃত্রিম ছাদ নেই—যা সরাসরি মহাজাগতিক শক্তির সঙ্গে সংযোগের আধ্যাত্মিক বার্তা বহন করে।


আদি শংকরাচার্য জয়ন্তীর পুণ্য তিথিতে নেপাল থেকে আগত পণ্ডিতদের দ্বারা কুম্ভাভিষেক সম্পন্ন হয়। এদিন রাজপরিবারের সদস্য যীষ্ণু দেববর্মণ, প্রদ্যুৎ মাণিক্য দেববর্মা এবং প্রাক্তন সাংসদ মহারাণী বিভুবতি দেবী সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সমগ্র অনুষ্ঠানকে কেন্দ্র করে মোহনপুর ও সংলগ্ন এলাকায় এক গভীর আধ্যাত্মিক পরিবেশের পাশাপাশি উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।





Political Tensions : টিটিএএডিসি নির্বাচন-পরবর্তী উত্তেজনা পরিস্থিতি অব্যাহত, ভগৎ সিং যুব আবাসে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad