আগরতলা, ২৪ এপ্রিল : আগরতলা–সাবরুম জাতীয় সড়ক এবং মোহনপুর এলাকায় শুক্রবার পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রথম ঘটনাটি ঘটে আগরতলা–সাবরুম জাতীয় সড়কের বিশালগড় থানাধীন উত্তম ভক্ত চৌমুহনী এলাকায়। শুক্রবার সকালে আগরতলায় মাছ বিক্রি করে চড়িলামের উদ্দেশ্যে ফিরছিল একটি তিন চাকার ট্রাক-অটো। অভিযোগ, রাস্তার পাশ থেকে হঠাৎ একটি গাড়ি এসে ধাক্কা দিলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক প্যারা মিয়া (৩৫)। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়।
এই দুর্ঘটনায় চালকের পাশে বসা নাসির হোসেন (৪২), বাড়ি চড়িলাম উত্তর মোড়া, গাড়ির ভেতরে আটকে পড়েন এবং তাঁর দুই পা চেপে যায়। খবর পেয়ে বিশালগড় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় দমকল কর্মী ও স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। এছাড়া চালক প্যারা মিয়া এবং পেছনে বসা মনতাজ মিয়া (৬০) আহত হন। তিনজনকেই উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দমকল সূত্রে জানা গেছে।
অন্যদিকে, একই দিনে দুপুরে মোহনপুরের ১০৮বি জাতীয় সড়কের তারানগরের ঢাকাইয়া পল্লী এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন দুই পথচারী। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, কাজ সেরে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে দ্রুতগতিতে এসে একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত এগিয়ে এলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালিয়ে সেটিকে খাদে ফেলে দেয়। গুরুতর আহত দুই পথচারীকে দ্রুত মোহনপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে জানা গেছে। দুটি ঘটনাকেই কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Job Tripura : মাতাবাড়ি মহিলা ক্লাস্টার সমবায় সমিতিতে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন