আগরতলা, ২৫ এপ্রিল : রাজ্যের পরিচিত মুখ ও জনপ্রিয় ‘পচা আচার’ বিক্রেতা জয়ন্ত রায়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে আগরতলা শহরসহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায়। দীর্ঘদিন ধরে সাইকেলে করে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আচার বিক্রি করে তিনি সাধারণ মানুষের কাছে এক পরিচিত ও প্রিয় মুখ হয়ে উঠেছিলেন।
জানা গেছে, মাত্র একদিন আগে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে সিধাই মোহনপুর এলাকায় একটি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন জয়ন্ত রায় সহ আরও একজন পথচারী। স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায়। পরে পচা হাজার বিক্রেতা জয়ন্ত রায়ের অবস্থা আশঙ্কা জনক হয় জিবি হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত আজি তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
উল্লেখযোগ্য বিষয়, দুর্ঘটনার মাত্র দু’দিন আগেও তিনি স্বাভাবিকভাবেই নিজের পেশায় যুক্ত ছিলেন। আগের মতোই প্রতিদিন সাইকেল নিয়ে বেরিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ‘পচা আচার’ বিক্রি করতেন। তার তৈরি এই বিশেষ ধরনের আচারের নাম ‘পচা আচার’ হলেও স্বাদে ও বৈচিত্র্যে তা স্থানীয়দের কাছে ছিল অত্যন্ত জনপ্রিয়। বছরের পর বছর ধরে নানা স্বাদের এই আচার বহু মানুষের রসনাকে তৃপ্ত করেছে।
জয়ন্ত রায় ছিলেন এক পরিশ্রমী ও সহজ-সরল মানুষ। প্রতিদিনের জীবনে মানুষের সঙ্গে মিশে যাওয়া, হাসিমুখে পণ্য বিক্রি করা—এই ছিল তার জীবনের অঙ্গ। তার এই আন্তরিক ব্যবহারই তাকে সাধারণ মানুষের মনে বিশেষ জায়গা করে দিয়েছিল। তার অকাল প্রয়াণে পরিবার-পরিজন দিশেহারা হয়ে পড়েছেন। একইসঙ্গে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। একজন সাধারণ মানুষ হয়েও নিজের পরিশ্রম, নিষ্ঠা ও সততার মাধ্যমে যে পরিচিতি তিনি গড়ে তুলেছিলেন, তা দীর্ঘদিন মানুষের মনে অমলিন হয়ে থাকবে।
Road Accident : আগরতলা–সাব্রুম সড়ক ও মোহনপুরে পৃথক দুর্ঘটনা, গুরুতর আহত ৫


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন