আগরতলা, ২৩ জুলাই : আধুনিক শহর ও আধুনিক গ্রাম গড়ে তোলার মধ্য দিয়েই উন্নত ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আগরতলা পুর নিগমের একাধিক জনমুখী প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেন, রাজ্যবাসীর দোরগোড়ায় দ্রুত সরকারি পরিষেবা পৌঁছে দিতে ডিজিটাল ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। আগরতলা পুর নিগমের পাশাপাশি রাজ্যের সব পুর এলাকাতেই ডিজিটাল পরিষেবা সম্প্রসারণ করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ। সরকারের সদিচ্ছা ও স্বচ্ছ প্রশাসনের ফলেই আগরতলা শহরসহ রাজ্যের সর্বত্র উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তিনি সরকারি কর্মচারী, আধিকারিক ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করে আগরতলা স্মার্ট সিটি মিশনসহ সব উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মমুখী দর্শন অনুসরণ করেই রাজ্য সরকার মানুষের জীবনযাত্রাকে আরও সহজ, নিরাপদ ও উন্নত করতে কাজ করে চলেছে। উন্নয়নকে টেকসই করতে আত্মতুষ্টি নয়, বরং দায়বদ্ধতা ও জনসেবার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার ওপর তিনি জোর দেন। একই সঙ্গে আগরতলাকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার পাশাপাশি তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রতিও সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী জানান, আগরতলা স্মার্ট সিটি মিশনের আওতায় ৫৮১ কোটি টাকা ব্যয়ে ৬৫টি উন্নয়ন প্রকল্প সম্পন্ন হয়েছে। শহরকে জলজটমুক্ত রাখতে আধুনিক নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং ১৩৭ কোটিরও বেশি টাকা ব্যয়ে ২৪টি পুকুরের সংস্কার ও সৌন্দর্যায়ন করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পুর এলাকাগুলিতে ৭৯,৮৭৮টি পাকা ঘর নির্মাণে ১,২৯২ কোটিরও বেশি টাকা ব্যয় হচ্ছে এবং আরও ৪,৩০০টি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। লাইট হাউস প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য বহুতল আবাসনও নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ‘সবুজ সেনা’, চান্দিনীমুড়া বর্জ্য স্থানান্তরকরণ কেন্দ্র, ‘আমার আগরতলা’ অ্যাপ এবং ৫১টি নতুন মিনি বর্জ্যবাহী যান প্রকল্পের উদ্বোধন করেন। তিনি পুর নিগম কর্মীদের হাতে অত্যাধুনিক স্মোক কামান তুলে দেন এবং সবুজ পতাকা নেড়ে নতুন বর্জ্যবাহী ভ্যানগুলির যাত্রার সূচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার এবং আগরতলা পুর নিগমের কমিশনার সাজু বাহিদ এ.।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন