আগরতলা, ১৩ জুলাই: জনসাধারণের নিরাপত্তার স্বার্থে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল দুর্গা চৌমুহনী থেকে প্রগতি রোডের পেছন দিকের কাটাখালের বাঁধের উপর দিয়ে চলাচল না করার পরামর্শ দিয়েছে।
জেলাশাসকের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টানা প্রবল বর্ষণের ফলে ওই বাঁধ সংলগ্ন এলাকায় জল জমে যাওয়ার পাশাপাশি বৃষ্টিজনিত বিভিন্ন কারণে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই পথ ব্যবহার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, এই নির্দেশ সম্পূর্ণভাবে জনস্বার্থ ও জননিরাপত্তার কথা বিবেচনা করেই জারি করা হয়েছে। পাশাপাশি নাগরিকদের বিকল্প নিরাপদ পথ ব্যবহার করার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী নির্দেশের মাধ্যমে জনসাধারণকে অবহিত করা হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন