আগরতলা, ১২ জুলাই : গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রানীরবাজার ফায়ার স্টেশনের সামনে একটি বিলাসবহুল গাড়ি থেকে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের মধ্যে রয়েছেন প্রশান্ত পাল (৩২), পিতা প্রদীপ পাল। তাঁর বাড়ি রানীরবাজার থানাধীন দুর্গানগর এলাকায়। অপর ধৃত দিলীপ ত্রিপুরা (৪৭)-র বাড়ি ধুমাছড়া এলাকায়। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত প্রশান্ত পাল প্রাণী সম্পদ বিকাশ দফতরের একজন কর্মচারী।
পুলিশ সূত্রে জানা যায়, বহিঃরাজ্য থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে আসা হচ্ছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চের একটি বিশেষ দল রানীরবাজার ফায়ার স্টেশনের সামনে সন্দেহভাজন বিলাসবহুল গাড়িটিকে আটক করে। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থল থেকেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এদিনের অভিযানের নেতৃত্ব দেন ক্রাইম ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর (এসআই) রাজীব চৌধুরী। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না এবং এই মাদকচক্রের সঙ্গে আন্তঃরাজ্য কোনো নেটওয়ার্কের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন