![]() |
| সিপাহীজলার মেলাঘর রুদ্রসাগরে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে জলদুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম রাখী দাস। |
আগরতলা, ১৪ সেপ্টেম্বর : সিপাহীজলার মেলাঘর রুদ্রসাগরে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে জলদুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম রাখী দাস। স্বামী মিলন দাস। বাড়ি নলছড় কাঁঠালিয়া মোড়া মায়ারানী এলাকায়। জানা গেছে, তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসবের রবিবার ছিল সমাপ্তি দিন। এই উপলক্ষে রুদ্রসাগরে আয়োজিত হয় নৌকাবাইচ প্রতিযোগিতা। অন্যান্যদের সঙ্গে ওই গৃহবধূসহ আরও কয়েকজন একটি নৌকায় দাঁড়িয়ে জল উৎসব উপভোগ করছিলেন। হঠাৎই নৌকাটি জলে ডুবে যায়। প্রত্যক্ষদর্শী এবং দমকল কর্মীরা অন্যান্যদের উদ্ধার করতে সক্ষম হলেও জলে তলিয়ে যান ওই গৃহবধূ। পরে দমকল কর্মীরা তাঁকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মেলাঘরের রাজঘাটে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নীরমহল এবং রুদ্রসাগরের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক মেলবন্ধনের কথা আরও বেশি করে দেশ-বিদেশে পৌঁছে দিতে হবে। এতে রাজ্য ও দেশের বাইরের পর্যটকরা আরও বেশি করে এখানে আসবেন। পর্যটক সংখ্যা বাড়লে স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, নীরমহল আমাদের দেশের অন্যতম জলমহল। প্রাসাদের সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশই পর্যটকদের মূল আকর্ষণ। রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে স্বদেশ দর্শন কর্মসূচির আওতায় একাধিক প্রকল্প রূপায়িত হচ্ছে, যার মধ্যে নীরমহলও রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, বিধায়ক তফাজ্জল হোসেন, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস, মেলাঘর পুরপরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায়, সিপাহীজলা জেলার এসপি বিজয় দেববর্মা প্রমুখ।
নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে মুখ্যমন্ত্রী সহ অতিথিরা রাজ্যভিত্তিক সাঁতার, যোগা, মনসামঙ্গল ও নৌকাবাইচের বিভিন্ন বিভাগের প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন