Road Accident : কামালঘাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু, ঘাতক চালক গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Accident : কামালঘাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু, ঘাতক চালক গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

Share This


 আগরতলা, ২৮ আগস্ট : পশ্চিম ত্রিপুরার কামালঘাটের শান্তিপাড়া এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৬৫ বছর বয়সী মিনা রাণী ঘোষ নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ঘাতক গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা আগরতলা-খোয়াই ১০৮(বি) জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন এবং দ্রুত অভিযুক্ত চালককে গ্রেফতারের দাবি জানান।


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার কামালঘাট শান্তিপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কুইজার গাড়ি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনা রাণী ঘোষকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (জিবিপি) হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।


প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থলেই গাড়ি রেখে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্য, প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে আগরতলা-খোয়াই ১০৮(বি) জাতীয় সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ ধরে চলা এই বিক্ষোভে তাঁরা অভিযুক্ত চালককে অবিলম্বে গ্রেফতার, কঠোর শাস্তি এবং মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করে। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটি ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং চালককে চিহ্নিত করে গ্রেফতারের জন্য তল্লাশি শুরু হয়েছে।


এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও জাতীয় সড়কে বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।





Nepal Floods : নেপালে হড়পা বানের তাণ্ডব: মৃত ১৬০, নিখোঁজ ৭৫০- পাশে থাকার আশ্বাস ভারতের

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad