আগরতলা, ৭ জুলাই : ত্রিপুরার সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান শুরুর আগে পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম্’ এবং তার পর ‘জন গণ মন’ গাওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা (স্কুল) দপ্তর। এ বিষয়ে শিক্ষা দপ্তর একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক ২০২৬ সালের ২৮ জানুয়ারি জারি করা নির্দেশিকায় রাষ্ট্র গান ‘বন্দে মাতরম্’-এর মর্যাদা, শিষ্টাচার এবং সরকারি স্বীকৃত সংস্করণ সম্পর্কে বিস্তারিত নির্দেশ প্রদান করেছে। সেই নির্দেশিকার আলোকে জাতীয় চেতনা জাগ্রত করা, জাতীয় সংহতি সুদৃঢ় করা এবং শিক্ষার্থীদের মধ্যে জাতীয় প্রতীকগুলির প্রতি নিঃশর্ত শ্রদ্ধাবোধ গড়ে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশ অনুযায়ী, রাজ্যের সব সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, বেসরকারি পরিচালিত বিদ্যালয়ের পাশাপাশি সরকারি অনুদানপ্রাপ্ত ও অনুদানবিহীন স্বীকৃত মাদ্রাসাগুলিতেও প্রতিদিনের প্রার্থনা বা সকালের সমাবেশে প্রথমে ‘বন্দে মাতরম্’-এর পূর্ণাঙ্গ সংস্করণ এবং পরে জাতীয় সংগীত ‘জন গণ মন’ সমবেত কণ্ঠে গাওয়া হবে।
এছাড়াও নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জাতীয় গান গাওয়া বা বাজানোর সময় সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অন্যান্য কর্মচারীকে যথাযথ সম্মান প্রদর্শনের জন্য সোজা হয়ে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে।
উল্লেখ্য, গত ২৫ জুন অনুষ্ঠিত ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মঙ্গলবার রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা উল্লেখ করেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও জাতীয় চেতনা আরও সুদৃঢ় হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন