উদয়পুর, ১০ জুলাই : রাজ্যের কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চলতি রবি মরসুমে ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) ধান ক্রয় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো। শুক্রবার গোমতী জেলার কাকড়াবন কৃষি মহকুমার কাকড়াবন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা এই কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, রাজ্যের কৃষকদের সার্বিক কল্যাণ, তাঁদের আয় বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রের সামগ্রিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং আত্মনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে খাদ্য, জনসংবরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এ বছর খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সহায়ক মূল্য ২,৩৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজ্য সরকার চলতি মরশুমে মোট ২০,৮০০ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আজ থেকে রাজ্যের ৩১টি ধান ক্রয় কেন্দ্রে পর্যায়ক্রমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে।
অনুষ্ঠানে কৃষকদের সুবিধার্থে সরকারি ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের সচিব, অধিকর্তা, অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক এবং বিপুল সংখ্যক কৃষক।
সরকারের এই উদ্যোগের ফলে কৃষকরা সরাসরি সরকারি নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ পাবেন, যা তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষি উৎপাদনে আরও উৎসাহ জোগাবে বলে আশা করা হচ্ছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন