আমবাসা, ২৪ আগস্ট : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় একটি মেডিক্যাল কলেজ করা হবে বলে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি এখন পূরণ হতে যাচ্ছে। আজ আমবাসার লালছড়ি এলাকায় এইচ পি ঘোষ ম্যামোরিয়্যাল মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি মুখ্যমন্ত্রী মেডিক্যাল কলেজের ভূমি পূজা অনুষ্ঠানে অংশ নেন। প্রায় ২০ একর জমিতে ১০০ শয্যাবিশিষ্ট এই মেডিক্যাল কলেজ গড়ে তুলবে এইচ পি ঘোষ মেমোরিয়্যাল ফাউন্ডেশান।
মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, এইচ পি ঘোষ মেমোরিয়্যাল ফাউন্ডেশানের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ ত্রিপুরারই একজন ব্যক্তিত্ব। সর্বভারতীয়স্তরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার। তিনি দেখিয়েছেন ইচ্ছা এবং স্বচ্ছতার মধ্য দিয়ে কাজ করলে সফল হওয়া যায়। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর পক্ষ থেকে এবং ধলাই জেলার মানুষের পক্ষ থেকে চন্দ্রশেখর ঘোষকে মেডিক্যাল কলেজ করার উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ এবং অভিনন্দন জানান।
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা এখন জিএসডিপি-তে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে এবং মাথাপিছু আয়েও দ্বিতীয় স্থানে রয়েছে। নীতি আয়োগ ত্রিপুরাকে ফ্রন্ট রানার স্টেট হিসেবে ঘোষণা করেছে। রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মসূচির সফল রূপায়নের জন্যই এটা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী এলাকাবাসীর প্রতি আহ্বান জানান, তারা যেন এই মেডিক্যাল কলেজটি গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরণের সহায়তা করেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার পাশাপাশি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতেও তিনি সবার প্রতি আহ্বান জানান।
ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক মনোজকান্তি দেব, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক স্বপ্না দাস পাল, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ বি, এইচ পি মেমোরিয়্যাল ফাউন্ডেশনের ডিরেক্টর নিলিমা ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্ধন গ্রুপের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ।
এই অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী ধলাই জেলাশাসকের অফিস কমপ্লেক্সে গড়ে তোলা ধলাই কেফের উদ্বোধন করেন। এই কেফেটি টিআরএলএম পরিচালনা করবে। এরপর মুখ্যমন্ত্রী জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে এই জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে জনপ্রতিনিধিগণ ছাড়াও প্রশাসনের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
Flood Situation : অবিরাম বৃষ্টিতে পশ্চিম ত্রিপুরায় বন্যা পরিস্থিতি, মুখ্যমন্ত্রীর পরিদর্শন - প্রশাসনের জোরদার ত্রাণ ও উদ্ধার অভিযান


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন