Political News : বিপ্লব দেবকে অভিনন্দন জানিয়ে বিজেপির সভায় ঐক্যের চিত্র - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Political News : বিপ্লব দেবকে অভিনন্দন জানিয়ে বিজেপির সভায় ঐক্যের চিত্র

Share This

 


আগরতলা, ৩০ আগস্ট : ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ বিপ্লব কুমার দেবকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানাতে রবিবার সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদেশ বিজেপির উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, রাজ্য মন্ত্রিসভার সদস্য, বিধায়ক এবং দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।


সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বিপ্লব কুমার দেবকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের দল এবং মানুষের জন্য কাজ করাই এই দলের মূল লক্ষ্য। দলীয় নীতি-আদর্শ, শৃঙ্খলা ও অনুশাসন মেনে প্রতিটি কার্যকর্তা নিষ্ঠার সঙ্গে কাজ করেন বলেও তিনি উল্লেখ করেন।


মুখ্যমন্ত্রী বলেন, প্রাথমিক স্তর পর্যন্ত সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার পাশাপাশি বিভিন্ন সরকারি উদ্যোগের সুফল সমাজের অন্তিম ব্যক্তির কাছেও পৌঁছে দেওয়ার লক্ষ্যে দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমরা মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছি। কে কোন পদ পেলেন, সেটাই বড় কথা নয়; কাজের মাধ্যমেই পদ আসে, কাজের কোনো বিকল্প নেই।


রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, আজকের কর্মসূচি দেখে দু'টি দলের কম্পন শুরু হয়ে গেছে, আরও কম্পন করাতে হবে। একইসঙ্গে তিনি বলেন, ২০৪৭ সালের বিকশিত ভারতের লক্ষ্যপূরণে ভারতীয় জনতা পার্টি বন্দে ভারতের গতিতে এগিয়ে চলেছে, আর সিপিআই(এম) স্টেশনে দাঁড়িয়ে শুধু  টাটা, টাটা’ করেই যাবে।


সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কমিউনিস্ট এখন আর কোনো প্রসঙ্গই নয়। ত্রিপুরার মাটি থেকে কমিউনিস্ট শেষ হয়ে গেছে। এ পবিত্র মাটি মা ত্রিপুরাসুন্দরীর মাটি, এ ভূমি ৪০ লক্ষ ত্রিপুরাবাসীর ভূমি এবং ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তাদের ভূমি।


প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আজ আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে উঠেছে। তাঁর নেতৃত্ব ও প্রেরণায় বিপ্লব কুমার দেব নতুন দায়িত্ব সফলভাবে পালন করে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


অভিষেক দেবরায় আরও বলেন, এদিনের সভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা ও বিপ্লব কুমার দেবের সৌজন্যপূর্ণ পারস্পরিক আন্তরিকতার যে চিত্র ধরা পড়েছে, তা বিরোধী শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে দেবে বলেই তাঁর অভিমত।


এর আগে, মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে পৌঁছালে বিপ্লব কুমার দেবকে প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, রাজ্য মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং দলের অন্যান্য নেতারা উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন পর্যন্ত দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।





Rakhi Utsab : মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে রাখি বন্ধন উৎসব


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad