আগরতলা, ০৭ সেপ্টেম্বর : আগরতলার শালবাগান বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি ৯ এমএম পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলিসহ বিহারের দুই যুবককে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃতদের নাম সূরজ কুমার ও শ্রীকান্ত কুমার। দু’জনেরই বাড়ি বিহার রাজ্যে বলে পুলিশ জানিয়েছে।
রবিবার শালবাগান এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সুব্রত বর্মন জানান, নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধৃতদের কাছ থেকে দুইটি ৯ এমএম পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ধৃত দুই যুবক অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছে এবং এগুলি কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে অন্য কোনও চক্র বা সহযোগী জড়িত রয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।
এসডিপিও সুব্রত বর্মন জানান, ধৃতদের সোমবার আদালতে হাজির করে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে, যাতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অস্ত্র পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ঘটনার পর থেকে পুরো বিষয়টির তদন্তে নেমেছে এনসিসি থানার পুলিশ। সীমান্তবর্তী এলাকায় বেআইনি অস্ত্রের গতিবিধি রুখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন