আগরতলা, ০২ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপি সাংগঠনিক প্রস্তুতিতে জোর দিল। বুধবার আগরতলার বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠক, যেখানে ভিলেজ কমিটি নির্বাচন থেকে শুরু করে ২০২৮ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত দলীয় রণকৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি. এল. সন্তোষ, রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়। তাঁদের উপস্থিতি বৈঠকটিকে বিশেষ গুরুত্ব প্রদান করে।
এছাড়াও বৈঠকে অংশ নেন বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর ডাঃ সম্বিত পাত্র, প্রদেশ প্রভারী ডাঃ রাজদীপ রায়, প্রদেশ সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের মন্ত্রীসভার সদস্যরা, বিধায়কবৃন্দ, প্রদেশ কমিটির পদাধিকারীরা, বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি, জেলা প্রভারী এবং বিভিন্ন মণ্ডলের সভাপতিরা।
বৈঠকে মূলত এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে দলের সাংগঠনিক প্রস্তুতি, বুথভিত্তিক শক্তিবৃদ্ধি, কর্মীদের সমন্বয় এবং নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দীর্ঘমেয়াদি সাংগঠনিক পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় জানান, ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণের পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক প্রস্তুতি নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিপ্রামথা দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে লড়াই করবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অভিষেক দেবরায় বলেন, জোটের সমস্ত পথ খোলা রয়েছে। তবে প্রয়োজন হলে দল সবকটি আসনে এককভাবেও প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
রাজনৈতিক মহলের মতে, এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপির এই উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠক এবং কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় উপস্থিতি রাজ্যের উপজাতি এলাকায় দলের নির্বাচনী প্রস্তুতিকে আরও জোরদার করার বার্তা দিয়েছে। পাশাপাশি জোটের সম্ভাবনা খোলা রাখার ইঙ্গিত আগামী দিনের রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
Political News : একদিকে কৃষক সভার মহাসমাবেশ, অন্যদিকে বিজেপি-র হাইভোল্টেজ সাংগঠনিক বৈঠক


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন