আগরতলা, ২৩ সেপ্টেম্বর : শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পূজা কমিটি, আয়োজক এবং অস্থায়ী ব্যবসায়িক স্টল পরিচালনাকারীদের জন্য আইনসম্মত অস্থায়ী বিদ্যুৎ সংযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড (TSECL)। বিদ্যুৎ ভবন, উত্তর বনমালিপুর, আগরতলা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নিরাপদ ও নিয়ম মেনে বিদ্যুৎ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা উল্লেখ করে সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে ১৩ অক্টোবর, ২০২৬-এর মধ্যে। আবেদনকারীদের গত বছরের বিদ্যুৎ বিল বকেয়া আছে কি না, তাও আগে নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সংযোগ পাওয়ার অন্তত সাত দিন আগে কোটেশনের ভিত্তিতে প্রয়োজনীয় অর্থ জমা দিতে হবে।
নিগমের নির্ধারিত হারে সিঙ্গেল ফেজে ৪ কিলোওয়াট পর্যন্ত সংযোগের জন্য ৭৫০ টাকা সিকিউরিটি এবং ৩০০ টাকা সংযোগ বাবদ ফি ধার্য করা হয়েছে বলেএই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৪ কিলোওয়াটের বেশি লোডের থ্রি-ফেজ সংযোগের ক্ষেত্রে সিকিউরিটি ১,৫০০ টাকা এবং সংযোগ ফি ৫০০ টাকা দিতে হবে। বিদ্যুৎ ব্যবহারের জন্য প্রতি কিলোওয়াট বা তার অংশের বিপরীতে প্রতিদিন ৬০ টাকা হারে চার্জ দিতে হবে বলেও জানানো হয়েছে।
বিদ্যুৎ নিগম থেকে জানানো হয়েছে নিরাপত্তার স্বার্থে অনুমোদিত লোডের অতিরিক্ত বিদ্যুৎ যাতে ব্যবহার না করা হয়। মানসম্মত তার ও সরঞ্জাম ব্যবহার, তিন ফেজ সংযোগে সমানভাবে লোড বণ্টন এবং খোলা বৈদ্যুতিক তার থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া পূজা মণ্ডপে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার জন্য জেনারেটর ব্যবহার করলে তার লাইন সম্পূর্ণ আলাদা রাখতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ চুরি বা অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে টিএসইসিএল জানিয়েছে, হুকিং, ট্যাপিং বা অনুমতি ছাড়া বিদ্যুৎ ব্যবহার বিদ্যুৎ আইন, ২০০৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের ঘটনা ধরা পড়লে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিদ্যুৎ বিভ্রাট বা জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বিদ্যুৎ পরিষেবা কেন্দ্র অথবা টোল-ফ্রি নম্বর ১৯১২-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়ে সকলের সহযোগিতায় নিরাপদ ও আলোকোজ্জ্বল শারদীয় উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন