আগরতলা, ৯ সেপ্টেম্বর : টিটিএএডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যে পরিবর্তন করা হলো এস আই আর প্রক্রিয়া। আজ ত্রিপুরায় বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision-SIR) কর্মসূচির সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। ১ জানুয়ারি, ২০২৭-কে যোগ্যতার তারিখ হিসেবে বিবেচনা করে রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির নির্বাচনী তালিকার নিবিড় সংশোধন কর্মসূচি পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রস্তুতি, প্রশিক্ষণ ও মুদ্রণের কাজ আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর, ২০২৬ পর্যন্ত চলবে। এরপর ৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত ব্লক লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করবেন।
ভোটগ্রহণ কেন্দ্রগুলির যৌক্তিকীকরণ বা পুনর্বিন্যাসের কাজ ৫ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যে সম্পন্ন করা হবে। এরপর ১২ ডিসেম্বর, ২০২৬ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা প্রকাশের পর ১২ ডিসেম্বর, ২০২৬ থেকে ১০ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত ভোটারদের দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। এই দাবি ও আপত্তির নিষ্পত্তির কাজ চলবে ১২ ডিসেম্বর, ২০২৬ থেকে ৯ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত।
সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ১৫ ফেব্রুয়ারি, ২০২৭ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের এই সংশোধিত সময়সূচির মাধ্যমে ভোটার তালিকা আরও নির্ভুল ও হালনাগাদ করার লক্ষ্যে প্রশাসন ও নির্বাচন দপ্তর সমন্বিতভাবে কাজ করবে বলে জানানো হয়েছে।
NextGen HRMS : সরকারি পরিকল্পনা রূপায়ণে নতুন ডিজিট্যাল পরিষেবার উদ্বোধন


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন