শান্তিরবাজার, ২৩ নভেম্বর : আগামীকাল মঙ্গলবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে এয়ার স্ট্রাইকের মহড়া অনুষ্ঠিত হবে। এই মহড়ার অংশ হিসেবে সকাল ১০টা নাগাদ এক মিনিটের জন্য সাইরেন বাজানো হবে। মহড়ার সময় সাইরেনের বিকট শব্দ প্রায় ৬ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যেতে পারে বলে জানিয়েছে প্রশাসন।
জরুরি পরিস্থিতিতে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় ও প্রস্তুতি কতটা কার্যকর রয়েছে, তা যাচাই করতেই এই মক ড্রিলের আয়োজন করা হয়েছে। মহড়ায় বিদ্যুৎ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, ট্রাফিক বিভাগ, অগ্নি নির্বাপক দপ্তর এবং দুর্যোগ মোকাবেলা বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় ও দ্রুত পদক্ষেপ গ্রহণের সক্ষমতা পর্যালোচনা করা হবে।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে শান্তিরবাজারের মহকুমা শাসক দীপিকা গৌতম জানান, এই মহড়ার সময় সাইরেনের শব্দ শুনে সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হন। এটি সম্পূর্ণভাবে পূর্বনির্ধারিত মহড়ার অংশ। এর সঙ্গে কোনও প্রকৃত বিপর্যয় বা জরুরি পরিস্থিতির সম্পর্ক নেই।
তিনি আরও জানান, মহড়াকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের বিভ্রান্তি বা গুজব ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। সাধারণ মানুষকে শান্ত থাকার পাশাপাশি কোনও ভিত্তিহীন তথ্য প্রচার না করার জন্যও আবেদন জানানো হয়েছে।
জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সুষ্ঠুভাবে উদ্ধার, চিকিৎসা এবং অন্যান্য পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে প্রশাসন।
Political : প্রবীণ নাগরিক ও পেনশনারদের কল্যাণে অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার - মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন