সোনামুড়া, ০৫ নভেম্বর : ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। বাইক ও একটি নম্বরবিহীন বুলেরো ডিআই পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সোহাগ নামে প্রায় ২৮ বছর বয়সি এক যুবকের। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে সোনামুড়া নগর পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের ধোলিয়াই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সোহাগের বাড়ি ধোলিয়াই এলাকায়। তাঁর বাবার নাম হানিফ মিয়া। বৃহস্পতিবার ভোর আনুমানিক পাঁচটা নাগাদ বাইক নিয়ে সোনামুড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। সেই সময় পথে বিপরীত দিক থেকে সোনামুড়ামুখী একটি নম্বরবিহীন বুলেরো ডিআই পিকআপ গাড়ির সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই প্রাণ হারান সোহাগ।
মাত্র ২৮ বছর বয়সে এভাবে তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। স্ত্রী ও সন্তানকে রেখে অকালে চলে যাওয়ায় শোকস্তব্ধ গোটা এলাকা। পরিবারের একমাত্র আপনজনকে হারিয়ে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।
এদিকে, দুর্ঘটনায় জড়িত নম্বরবিহীন পিকআপ গাড়িটিকে ঘিরেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে নম্বরবিহীন গাড়ি রাস্তায় চলাচল করছিল এবং ঠিক কী কারণে এই ভয়াবহ সংঘর্ষ ঘটল, তা নিয়ে এলাকায় চর্চা চলছে।
এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি সড়ক নিরাপত্তা ও যানবাহনের বৈধ নথিপত্র যাচাইয়ের বিষয়টিও নতুন করে সামনে এসেছে। তরতাজা একটি প্রাণের এমন অকাল প্রয়াণে ধোলিয়াই এলাকায় শোকের আবহ বিরাজ করছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন