আগরতলা, ২৬ জানুয়ারি : ৭৭তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি আজ আয়োজিত হয় আসাম রাইফেলস ময়দানে। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লূ। প্রজাতন্ত্র দিবসের এই মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্যসচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ সহ রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরের পদস্থ আধিকারিকগণ।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর ১৬টি প্ল্যাটুন কুচকাওয়াজের মাধ্যমে রাজ্যপালকে অভিবাদন জানান। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু বলেন, ১৯৫০ সালে এই দিনে আমরা, ভারতবাসীরা নিজেদেরকে সংবিধান উপহার দিয়েছিলাম, যার মাধ্যমে সমস্ত নাগরিকদের জন্য ন্যায়, সাম্য ও স্বাধীনতা নিশ্চিত হয়েছে। সেই সাথে আমরা অঙ্গীকার নিয়েছিলাম আমাদের মহান রাষ্ট্রের একতা ও অখন্ডতাকে দৃঢ়ভাবে তুলে ধরার। সংবিধান হচ্ছে আমাদের অধিকার লিপিবদ্ধকারী এক দলিল এবং কর্মক্ষেত্রে এক পথ প্রদর্শক। সংবিধান এমন একটি দলিল যার জন্য আমাদের গর্ববোধ করা উচিৎ এবং তার অস্তিত্বকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকা উচিৎ। ভারতের স্বাধীনতা সংগ্রামে যেসব মহান নারী-পুরুষ নিজেদের জীবন বলিদান দিয়েছিলেন তাঁদের স্মরণ করার দিনও এই দিবস।
এদিনের অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নেন বি.এস.এফ, টি.এস.আর-এর ১৪ ও ১৫ ব্যাটেলিয়ন, আসাম রাইফেলস, সি.আর.পি.এফ, মণিপুর পুলিশ, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ, হোমগার্ড, এন.সি.সি. বালক ও বালিকা, গার্লস গাইড, বয়েজ স্কাউট, এন.এস.এস., সিভিল ডিফেন্স এবং আসাম রাইফেলস পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা। কুচকাওয়াজে উৎকর্ষতার নিরিখে সিকিউরিটি বিভাগে প্রথম স্থান অর্জন করে বিএস.এফ, প্ল্যাটুন, দ্বিতীয় মহিলা টি.এস.আর. (১৫ ব্যাটেলিয়ন) এবং তৃতীয় স্থান অর্জন করে আসাম রাইফেলস। নন-সিকিউরিটি বিভাগে প্রথম স্থান অর্জন করে এন.এস.এস., দ্বিতীয় স্থান গার্লস গাইড এবং তৃতীয় স্থান অর্জন করে এন.সি.সি. গার্লস। বিজয়ী প্ল্যাটুনগুলির প্ল্যাটুন কমান্ডারদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যপাল।
অনুষ্ঠানে ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্যের যে সকল পুলিশ অফিসার ও কর্মীগণ ভারতের রাষ্ট্রপতির অনুমোদনে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়। এরমধ্যে অসাধারণ কৃতিত্বের জন্য রাষ্ট্রপতির পদক পাচ্ছেন টি.এস.আর.-এর সপ্তম ব্যাটেলিয়নের হাবিলদার (জি.ডি.) শিবচরণ দেববর্মা।
এছাড়াও কর্মক্ষেত্রে দক্ষতার জন্য মেরিটোরিয়াস সার্ভিস পদক পাচ্ছেন পশ্চিম জেলার ডেপুটি পুলিশ সুপার দেবপ্রসাদ রায়, টি.এস.আর. পঞ্চম বাহিনীর সুবেদার (জি.ডি.) প্রদীপ চন্দ্র দাস, ট্রাফিক ইউনিটের অ্যাসিস্টেন্ট সাব-ইনস্পেকটর (ইউ.বি.) অমল দত্ত, এস.বি. শাখার অ্যাসিস্টেন্ট সাব-ইনস্পেকটর (ইউ.বি.) ধ্রুবজ্যোতি হালদার, টি.এস.আর. সপ্তম বাহিনীর হাবিলদার (জি.ডি.) বিপুল দেব এবং দক্ষিণ ত্রিপুরা জেলার কনস্টেবল জীবন দেবনাথ। পদক প্রাপকদের ২০২৬ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হবে। আজকের প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা দপ্তর, এডিসি এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Republic Day- 2026 : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্য পুলিশের ৭ জন কর্মী ভূষিত হলেন রাষ্ট্রপতি পদকে


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন