আগরতলা, ২০ জানুয়ারি : আগরতলা শহরের প্যালেস কম্পাউন্ড এলাকায় সংঘটিত এক চুরির ঘটনায় দ্রুততার সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা যায়, গতকাল দুপুর প্রায় দু’টো নাগাদ প্যালেস কম্পাউন্ড এলাকার বাসিন্দা মৌমিতা দেববর্মা তাঁর বাড়ির ডাইনিং রুমে খাবার খাচ্ছিলেন। সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়ে চোরের দল। তারা বাড়ি থেকে মূল্যবান কিছু সামগ্রীর পাশাপাশি একটি টেবিল ফ্যান চুরি করে নিয়ে যায়।
ঘটনার পরপরই থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়। তদন্তে কুলাই এলাকার বাসিন্দা সুরজ দেববর্মাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কাটাখাল এলাকা থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযুক্ত সুরজ দেববর্মাকে আদালতে পেশ করা হলে তাকে দু’দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়।
এদিকে, আরেকটি চুরির ঘটনারও সফল তদন্ত করেছে পুলিশ। নয়নিয়ামুড়া এলাকার বাসিন্দা বাপন পালের বাড়িতে গত ১১ জানুয়ারি থেকে টানা চার দিন ধরে দুই রংমিস্ত্রি কাজ করছিলেন। বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় ১৬ জানুয়ারি স্বর্ণালংকার খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পান, বাড়ি থেকে সমস্ত স্বর্ণালংকার উধাও। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ তদন্তে নেমে চারিপাড়া এলাকার বাসিন্দা দুই রংমিস্ত্রি সঞ্জয় শর্মা ও প্রতাপ দাসকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে চুরি করা স্বর্ণালংকার একটি স্বর্ণের দোকানে বিক্রি করা হয়েছে। এরপর পুলিশ অভিযান চালিয়ে একটি স্বর্ণের দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে এবং দোকানদার বিমল রুদ্র পালকেও আটক করে।
মঙ্গলবার পূর্ব থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান থানার ওসি সুব্রত দেবনাথ। তিনি জানান, উভয় ঘটনার তদন্ত চলছে এবং এই চুরি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
48th Kokborok Day : ৪৮-তম ককবরক দিবস উদযাপন উপলক্ষে আগরতলায় র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন