আগরতলা, ২১ জানুয়ারি : জাতি জনজাতির ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করার মধ্য দিয়েই রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করা সম্ভব। এর মধ্য দিয়ে গড়ে উঠবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। পূর্ণরাজ্য দিবস পালনের মূল লক্ষ্যই হলো রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নয়নকে সঠিকপথে চালিত করা। আর রাজ্যের উন্নয়নকে সচল রাখতে সর্বত্র শান্তি সম্প্রীতি বজায় রাখাই শেষ কথা। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে এবছরও সমাজের বিশিষ্টজনদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৬ জনকে রাজ্য নাগরিক পুরস্কার এবং ১১ জনকে স্টেটহুড ডে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কারগুলি তুলে দেন। রাজ্য নাগরিক পুরস্কারের মধ্যে ত্রিপুরা বিভূষণ সম্মান প্রয়াত শিক্ষাবিদ ধীরেন্দ্র চন্দ্র দত্তকে (মরণোত্তর), ত্রিপুরা ভূষণ সম্মান রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনকে (মরণোত্তর) এবং বিশিষ্ট চিত্রনাট্য লেখক বিপ্লব গোস্বামীকে, শচীন দেববর্মণ স্মৃতি রাজ্য সম্মান বিশিষ্ট লোকশিল্পী সূর্য কুমার দেববর্মাকে (সদাগর), মহারাণী কাঞ্চনপ্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান কামালঘাটের চম্পা দাসকে এবং বিজ্ঞান ও পরিবেশ সংক্রান্ত কার্যাবলির জন্য রাজ্য পুরস্কার বীরবিক্রম মেমোরিয়াল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর এবং এইচ.ও.ডি. ড. অরিজিৎ দাসকে প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে স্টেটহুড ডে অ্যাওয়ার্ডের মধ্যে গুড সিটিজেন অ্যাওয়ার্ড পূর্ব প্রতাপগড়ের গৌতম দাসকে, শ্রেষ্ঠ স্টার্টআপ এন্ট্রাপ্রেনার হিসেবে নাগিছড়ার আটকালাপা বায়োটেকনোলজি এল.এল.পি.-কে, কৃষি উদ্যান ক্ষেত্রে শ্রেষ্ঠ এন্ট্রাপ্রেনার হিসেবে সালেমার সিম্বুকচাক ভিলেজের ধনবাবু হালামকে, মৎস্যক্ষেত্রে শ্রেষ্ঠ এন্ট্রাপ্রেনার হিসেবে সিপাহীজলার মোহনভোগের কৃষ্ণ দেববর্মাকে, অ্যানিমেল হাসবেন্ডরি ক্ষেত্রে শ্রেষ্ঠ এন্ট্রাপ্রেনার হিসেবে বিশ্রামগঞ্জের রতন দেবনাথকে, হস্ততাঁত ও হস্তকারু। মৌমাছি পালন ক্ষেত্রে শ্রেষ্ঠ এন্ট্রাপ্রেনার হিসেবে তেলিয়ামুড়ার উত্তম কুমার দাসকে, ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজের ক্ষেত্রে শ্রেষ্ঠ এন্ট্রাপ্রেনার হিসেবে ফটিকরায়ের কাঞ্চনবাড়ির দীপক দত্তকে, শ্রেষ্ঠ মোবাইল অ্যাপের জন্য পূর্ব যোগেন্দ্রনগরের সত্যব্রত বিশ্বাসকে, শ্রেষ্ঠ কো-অপারেটিভসোসাইটি হিসেবে গোমতী জেলার তুলামুড়া প্যাকস লিমিটেডকে, শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসেবে বিলোনীয়ার লক্ষ্মণ মালাকারকে, শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে নতুননগরের শ্রীপর্ণা দেবনাথকে স্টেটহুড ডে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে আলোচনায় মুখ্যমন্ত্রী ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রেরিত শুভেচ্ছাবার্তাটি পড়ে শোনান। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ও আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন। রাজ্য সরকারও সেই দিশাতে কাজ করে চলেছে।
মুখ্যমন্ত্রী পূর্ণরাজ্য দিবস পালনের তাৎপর্য বিষয়ে বলেন, ১৯৭২ সালের ২১ জানুয়ারি ত্রিপুরা পূর্ণরাজ্য হিসেবে মর্যাদা লাভ করে। ত্রিপুরা পূর্ণরাজ্যের মর্যাদা প্রাপ্তির ক্ষেত্রে যে সকল ব্যক্তি ও নাগরিক অসামান্য অবদান রেখেছেন মুখ্যমন্ত্রী তাদের প্রতি গভীর শ্রদ্ধা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে মুখ্যসচিব জে.কে. সিনহা রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, পি.এম. জনমনে ভালো কাজের জন্য ত্রিপুরা রাজ্য শ্রেষ্ঠ রাজ্য হিসেবে পুরস্কৃত হয়েছে। সাধারণ মানুষ এবং প্রশাসন যৌথভাবেই রাজ্যের উন্নয়নের পথকে এক অন্য মাত্রা প্রদান করতে পারে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী রতনলাল নাথ, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, পুলিশের মহানির্দেশক অনুরাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি.কে. চক্রবর্তী। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সচিব, অধিকর্তাগণও উপস্থিত ছিলেন।
Crime : আগরতলায় দুটি চুরির ঘটনার পর্দাফাঁস, গ্রেপ্তাতার একাধিক অভিযুক্ত


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন