আগরতলা, ৩১ মে : ধলাইয়ের কমলপুর ও উত্তর জেলার পানিসাগরে পৃথক দুটি অভিযানে মাদক ও অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। সাংবাদিক পরিচয়ের অপব্যবহার করে গাঁজা পাচারের অভিযোগে কমলপুরে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, পানিসাগরে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ২০৮ নম্বর জাতীয় সড়কের দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে নিয়মিত তল্লাশির সময় একটি AS-15J-8566 নম্বরের টয়োটা ইনোভা গাড়িকে আটক করা হয়। গাড়িটিতে প্রেস স্টিকার লাগানো ছিল এবং ভেতরে থাকা দুই যুবকের গলায় প্রেস কার্ড ঝুলছিল। এই পরিচয় ব্যবহার করে তারা আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে যাত্রাপথে একাধিক নাকা পয়েন্ট অতিক্রম করেছিল। তবে কমলপুরে পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটি তল্লাশি করা হলে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার একটি সফল অভিযান চালানো হয়। সন্দেহভাজন একটি গাড়িকে আটক করে তল্লাশি চালানো হলে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী জব্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মাদক ও পণ্য পাচারের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। একইসঙ্গে পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন