আগরতলা, ২৬ মে : ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির আকাশে অন্যতম ধ্রুবতারা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন একাধারে কবি, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, দার্শনিক, গল্পকার ও ঔপন্যাসিক। তবে তিনি সাম্যের ও মানবতার কবি হিসেবেই বেশি সমাদৃত ছিলেন। আজ নজরুল কলাক্ষেত্রে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের প্রধান অতিথি উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন একথা বলেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি হিসেবেই পরিচিত ছিলেন না, তিনি ছিলেন চেতনা, জাগরণ ও বিপ্লবের প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে তাঁর বজ্রকণ্ঠ যেমন ধ্বনিত হয়েছিল তেমনি প্রেম, মানবতা ও সম্প্রীতির সুরও উচ্চারিত হয়েছিল। অন্যায়, কুসংস্কার ও বৈষম্যের বিরুদ্ধে তিনি যে আহ্বান রেখেছিলেন তা আজও সমান প্রাসঙ্গিক।
উচ্চশিক্ষামন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন একজন প্রকৃত দেশ প্রেমিক। তাঁর লেখনীর মাধ্যমে দেশ প্রেমের ভাবনা ফুটে উঠেছিল। চরম দারিদ্রতার মধ্যেও তিনি অবিচল থেকে মানবতার গান গেয়ে গেছেন। তাঁর রচিত বিভিন্ন গান আজও আমাদের মনকে প্রশান্তি দেয়। ছাত্রছাত্রী সহ যুব সমাজকে কবি কাজী নজরুল ইসলামের আদর্শকে পাথেয় করে এগিয়ে যেতে হবে। তবেই এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে উঠবে।
অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী ড. অরুণোদয় সাহা বলেন, বাংলা সাহিত্যের জাগরণে কবি কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য। আমাদের মননে, চিন্তায় তিনি এখনও বিরাজমান। তিনি গজলের পাশাপাশি শ্যামা সংগীতও রচনা করেছিলেন যা আজও আমাদের মনকে তৃপ্তি দেয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বলেন, কবি কাজী নজরুল ইসলাম তাঁর লেখনীর মাধ্যমে মানবতার জয়গান গেয়ে গেছেন। তাঁর রচিত বিভিন্ন কবিতার মধ্যে প্রতিবাদের ভাষা ফুটে উঠেছে। কবির জন্মজয়ন্তী উপলক্ষ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ রাজ্যের বিভিন্ন মহকুমায়ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কাউন্সিলর সুখময় সাহা এবং হিমানি দেব্বর্মা। অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রভাতী অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
Cabinet Disition : কর্মচারীদের জন্য শনি-রবি ছুটি, পূরণ করা হবে ৩টি দপ্তরের ৮১টি শূন্যপদে


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন