আগরতলা, ২৭ মে : ত্রিপুরার জিআই-ট্যাগপ্রাপ্ত কুইন আনারসকে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ‘মিশন কুইন আনারস, ত্রিপুরা’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হল। ডোনার মন্ত্রকের উদ্যোগে ৩ বছর মেয়াদি ২৩৬ কোটি টাকার এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
নয়াদিল্লির সঞ্চার ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ।
মুখ্যমন্ত্রী তাঁর সমাজমাধ্যমের পোস্টে জানান, এই প্রকল্পের মাধ্যমে কুইন আনারসকে কেন্দ্র করে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষত প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়ন, আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং শক্তিশালী বাজার সংযোগ প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ত্রিপুরার অন্যতম প্রধান কৃষিজ পণ্যকে আন্তর্জাতিক বাজারে একটি স্বীকৃত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করবে।
তিনি আরও উল্লেখ করেন, উৎপাদনের ঘাটতি কমিয়ে এবং রপ্তানির সুযোগ বৃদ্ধি করে এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে এবং কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষজ্ঞ মহলের মতে, ‘মিশন কুইন আনারস, ত্রিপুরা’ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে রাজ্যের কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক বিকাশে তা উল্লেখযোগ্য অবদান রাখবে।
Nazrul Jayanti : নজরুল কলাক্ষেত্রে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন