Anti Drug Operation: একদিনে ধ্বংস ৯ কোটি টাকার মাদক, ফটিকরায়ে উদ্ধার ২৭১ কেজির বেশি গাঁজা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Anti Drug Operation: একদিনে ধ্বংস ৯ কোটি টাকার মাদক, ফটিকরায়ে উদ্ধার ২৭১ কেজির বেশি গাঁজা

Share This

 


আগরতলা, ২৯ জুন : মাদকমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য পুলিশ প্রশাসন আরও একাধিক বড় পদক্ষেপ গ্রহণ করেছে। একদিকে প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ধ্বংস, অন্যদিকে ফটিকরায়ে ২৭১.৪৮ কেজি গাঁজা উদ্ধার ও দুই পাচারকারীকে আটক— রবিবারের এই দুই পৃথক অভিযানে মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান আবারও স্পষ্ট হয়ে উঠেছে।


রবিবার বোধজংনগর শিল্পাঞ্চলে স্টেট লেভেল ড্রাগ ডিসপোজাল কমিটি (SLDDC)-এর তত্ত্বাবধানে ৪৫১টি মামলায় জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য আইনসম্মতভাবে ধ্বংস করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইজিপি (ল' অ্যান্ড অর্ডার) মঞ্চক ইপ্পের-সহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা।


ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ১০,৯৩২.২৩ কেজি গাঁজা, ৪০,৯৭৮ বোতল কফ সিরাপ, ১,৭৬,৪৪১টি নেশাজাতীয় ট্যাবলেট এবং ১,৮৮৯.৫৭ গ্রাম হেরোইন। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি টাকা বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যে মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


অন্যদিকে, একই দিনে ফটিকরায় থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে আরেকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। কুমারঘাট মহকুমার এসডিপিও উৎপলেন্দু দেবনাথ-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ডেমডুম এলাকায় নাকা তল্লাশির সময় TR-01-N-3957 নম্বরের একটি বিলাসবহুল গাড়ি থেকে ২৭১.৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং গাড়িটিও জব্দ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর পেয়ে এসডিপিও উৎপলেন্দু দেবনাথ ঘটনাস্থলে পৌঁছে অভিযানের তদারকি করেন। ফটিকরায় থানার পুলিশ ও টিএসআর বাহিনীর সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।


আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই পাচারের সঙ্গে একটি সংগঠিত মাদক পাচারকারী চক্র জড়িত থাকতে পারে। সেই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।


রাজ্য পুলিশ প্রশাসনের দাবি, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান, কঠোর নজরদারি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ত্রিপুরাকে মাদকমুক্ত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Health Care : পশ্চিম ভুবনবনে রাজ্যভিত্তিক জাতীয় টিকাকরণ দিবসের সূচনা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad