আগরতলা, ৩০ জুন : রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সাইবার নিরাপত্তার প্রস্তুতি আরও জোরদার করার অংশ হিসেবে আজ আগরতলার প্রজ্ঞাভবনে 'রাজ্য ডেটার জন্য সাইবার নিরাপত্তা কাঠামো শক্তিশালীকরণ' শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজ্যস্তরের পরামর্শমূলক এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, প্রধান মুখ্য বন সংরক্ষক আর.কে. সামাল, তথ্য প্রযুক্তি দপ্তরের অধিকর্তা জেয়া রাগুল গেশন বি., বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ, এন.ই.জি.ডি.-এর প্রতিনিধিগণ এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি অধিদপ্তর এবং ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশনের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য বাস্তবায়নে ত্রিপুরার অগ্রগতি তুলে ধরা হয়।
কর্মশালার উদ্বোধন করে মুখ্য সচিব বলেন, প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে সাইবার জালিয়াতির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিটি পরিবার বা প্রতিষ্ঠান কোনো না কোনোভাবে সাইবার প্রতারণার শিকার হচ্ছে। ভুয়া হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে জরুরি চিকিৎসার অজুহাতে অর্থ আত্মসাতের মতো ঘটনা এখন নিয়মিত ঘটছে। তাই আর্থিক লেনদেনের আগে তথ্য যাচাই করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা এখন জাতীয় উদ্বেগের বিষয় এবং এ সম্পর্কে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সচেতন করা প্রত্যেকের দায়িত্ব।
ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ বলেন, সাইবার অপরাধের ধরণ দ্রুত পরিবর্তিত হওয়ায় তদন্তের কাজও আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। এ বিষয়ে জনগণকেও সচেতন থাকতে তিনি আহ্বান জানান। তিনি বলেন, গত চার বছরে রাজ্যে ৮৩ কোটি টাকা সাইবার প্রতারণার ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে ১৫ কোটি ৪৩ লক্ষ টাকা ফ্রিজ করা সম্ভব হয়েছে এবং ১ কোটি ২৩ লক্ষ টাকা প্রতারিতদের ফেরৎ দেওয়া সম্ভব হয়েছে।
তথ্য প্রযুক্তি দপ্তরের অধিকর্তা জেয়া রাগুল গেশন বি. রাজ্যে সাইবার নিরাপত্তা ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি ত্রিপুরা সাইবার সিকিউরিটি পলিসি ২০২৫ বাস্তবায়ন এবং স্টেট ডাটা সেন্টার ও নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়নের কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের পরামর্শদাতা অনুরূপা কর।
Anti Drug Operation: একদিনে ধ্বংস ৯ কোটি টাকার মাদক, ফটিকরায়ে উদ্ধার ২৭১ কেজির বেশি গাঁজা


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন