আগরতলা, ১৮ জুলাই : রাজ্যে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। শনিবার আর. কে. নগরস্থিত এ. চন্দ্র রামা রাও টিএসআর প্রশিক্ষণ কেন্দ্রে ৯২তম ব্যাচের নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। এদিন মোট ৪৭০ জন পুরুষ কনস্টেবল সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে পাসিং আউট করেন।
মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, সাইবার অপরাধ দমন ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, বিপদগ্রস্ত ও অসহায় মানুষের কাছে একজন পুলিশকর্মীই প্রথম ভরসার প্রতীক। তাই আইন প্রয়োগের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সংবেদনশীলতা, সততা এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
নবনিযুক্ত কনস্টেবলদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রশিক্ষণকালীন অর্জিত জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা ও অভিজ্ঞতা ভবিষ্যতে দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, পেশাদারিত্ব বজায় রাখা এবং জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত সকল প্রশিক্ষক ও সংশ্লিষ্টদেরও ধন্যবাদ জানান।
মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে সাইবার অপরাধ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিবিড় নজরদারি জোরদার করা হয়েছে। নতুন প্রবর্তিত ফৌজদারি আইন সম্পর্কে ত্রিপুরা পুলিশের সকল সদস্যকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে আগরতলার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ধরনের উদ্যোগ গ্রহণে ত্রিপুরা দেশের প্রথম রাজ্য হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ বলেন, নবনিযুক্ত কনস্টেবলদের কেবল শারীরিক সক্ষমতা বৃদ্ধিই নয়, বরং দক্ষ, দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশ সদস্য হিসেবে গড়ে তুলতে সমন্বিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শারীরিক অনুশীলনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তা বিষয়েও তাদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে আর. কে. নগরস্থিত এ. চন্দ্র রামা রাও টিএসআর প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট দিলীপ দেববর্মা নবনিযুক্ত কনস্টেবলদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের শুরুতে কনস্টেবলরা কুচকাওয়াজের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান।
এদিনের অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, মুখ্য সচিব জে. কে. সিনহা, স্বরাষ্ট্র দপ্তরের সচিব অভিষেক সিংসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Tripura Police : ত্রিপুরা পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল, আইপিএস ও টিপিএস মিলে তালিকায় ৪৭


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন