আগরতলা, ৫ আগস্ট : ত্রিপুরার উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, গুণগত, কর্মমুখী এবং শিক্ষার্থী-কেন্দ্রিক করে গড়ে তোলার লক্ষ্যে রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এক অভিনব উদ্যোগ 'উচ্চশিক্ষা সংলাপ'। বুধবার আগরতলা অতিথিশালার কনফারেন্স হলে আয়োজিত এই সংলাপে রাজ্যের সমস্ত সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-প্রতিনিধি, অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা এবং উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন, এই উদ্যোগ ত্রিপুরার উচ্চশিক্ষার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সরকারের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি সংলাপের মাধ্যমে তাঁদের মতামত, সমস্যা, প্রত্যাশা এবং উন্নয়নের প্রস্তাব শুনে ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারণ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি জানান, সংলাপে ছাত্র-ছাত্রীরা নির্ভয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। সরকারের পক্ষ থেকেও প্রতিটি মতামত গুরুত্ব সহকারে শোনা হয়েছে এবং গঠনমূলক পরামর্শগুলিকে ভবিষ্যতের নীতিনির্ধারণ ও কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, উন্নত উচ্চশিক্ষা কেবল সরকারি প্রকল্পের মাধ্যমে সম্ভব নয়; বরং সরকার, শিক্ষক এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশীদারিত্বের মাধ্যমেই একটি শক্তিশালী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই 'উচ্চশিক্ষা সংলাপ'-এর সূচনা করা হয়েছে।
তিনি উপস্থিত ছাত্র-প্রতিনিধিদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে পরিচ্ছন্ন, সবুজ, র্যাগিংমুক্ত, মাদকমুক্ত, শৃঙ্খলাবদ্ধ, গবেষণামুখী ও উদ্ভাবনী ক্যাম্পাস গড়ে তোলার নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কলেজের সার্বিক উন্নয়নের জন্য বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করেন।
উচ্চশিক্ষামন্ত্রী আরও বলেন, এটি কোনো একদিনের কর্মসূচি নয়; বরং ত্রিপুরার উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্মাণে একটি দীর্ঘমেয়াদি গণঅংশগ্রহণমূলক যাত্রার সূচনা। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, এমন একটি উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে যেখানে প্রতিটি শিক্ষার্থী শুধু ডিগ্রিধারী নয়, বরং দক্ষ, সৃজনশীল, দায়িত্বশীল এবং দেশগঠনে অঙ্গীকারবদ্ধ নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।
উচ্চশিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যের শেষে বলেন, "শিক্ষার্থীর কণ্ঠস্বরই উচ্চশিক্ষার ভবিষ্যতের ভিত্তি।" একইসঙ্গে তিনি সকলকে "আমার কলেজ, আমার গর্ব। আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব। উন্নত ত্রিপুরার জন্য উন্নত উচ্চশিক্ষা"—এই অঙ্গীকার নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন