খোয়াই, ৩০ জুলাই : খোয়াই জেলার উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বৃহস্পতিবার একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেন। জেলার বনকরে অবস্থিত আনন্দনগরী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আধুনিক এআই-ভিত্তিক সুবিধার শুভ উদ্বোধনের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক শিক্ষায় প্রযুক্তিনির্ভর নতুন অধ্যায়ের সূচনা হয়।
মুখ্যমন্ত্রী বলেন, এই আধুনিক উদ্যোগ শিশুদের শিক্ষাকে আরও আকর্ষণীয়, কার্যকর ও মানসম্মত করে তুলবে। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি পরিষেবার গুণগত মান বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি উল্লেখ করেন, বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে খোয়াই জেলার উন্নয়ন যাত্রায় এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
এদিন শিক্ষা, গ্রামোন্নয়ন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা, নগরোন্নয়ন এবং পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের অধীনে মোট ৮ কোটি ৯ লক্ষ ১৩ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত ৭টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ৮টি স্মার্ট ওপিডি কিট বিতরণ করা হয়। তিনি বলেন, এই প্রকল্পগুলোর মাধ্যমে জেলার মানুষ আরও নিরাপদ, উন্নত ও আধুনিক পরিষেবা পাবেন এবং খোয়াইয়ের সামগ্রিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই প্রকল্পগুলোর বাস্তবায়নের মাধ্যমে খোয়াই জেলা একটি শক্তিশালী ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে।
একই দিনে বনকরে প্রায় ২১.৫৫ লক্ষ টাকা ব্যয়ে পুনর্নির্মিত ভগৎ সিং জিমনাসিয়াম-এরও উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই জিমনাসিয়াম স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষের জন্য উন্নতমানের শরীরচর্চার সুযোগ সৃষ্টি করবে এবং সুস্থ, সবল ও ফিট ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Women Empowerment : নির্যাতিত মহিলাদের পাশে দাঁড়াতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের আহ্বান


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন