Revenue Reforms : রাজস্ব প্রশাসনে প্রযুক্তিনির্ভর সংস্কারে জোর, সময়সীমার মধ্যে বাস্তবায়নের নির্দেশ মুখ্যমন্ত্রীর - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Revenue Reforms : রাজস্ব প্রশাসনে প্রযুক্তিনির্ভর সংস্কারে জোর, সময়সীমার মধ্যে বাস্তবায়নের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share This

 


আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার রাজস্ব প্রশাসনকে আরও জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে বিভিন্ন প্রস্তাবিত রাজস্ব সংস্কার নিয়ে সোমবার আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জী লেনস্থিত টিআইএফটি (TIFT)-এর কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর দপ্তরের সচিব কিরণ গিত্যে, রাজস্ব দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সচিব এবং ঊর্ধ্বতন আধিকারিকরা।


পর্যালোচনা বৈঠকে রাজ্যের রাজস্ব ব্যবস্থাকে আধুনিকীকরণের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলির মধ্যে ছিল স্বয়ংক্রিয় জমির নামজারি (Automatic Land Mutation), সহজ ভূমি রাজস্ব ও চা-বাগান ব্যবস্থাপনা (Easy Land Revenue & Tea Estate Management), আগরতলায় NAKSHA প্রকল্পের গ্রাউন্ড ট্রুথিং, BHUNAKSHA-এর আওতায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্লটগুলির আধুনিক ডিজিটাল জরিপ ও সীমানা নির্ধারণ, সার্কেল রেটের যৌক্তিকীকরণ (Circle Rate Rationalisation) এবং আধুনিক জরিপ সরঞ্জামের মাধ্যমে বন পাট্টার সীমানা নির্ধারণ (Forest Patta Demarcation)।


বৈঠকে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দেন, যাতে নির্ধারিত সময়সীমার মধ্যে মাঠপর্যায়ে এই সমস্ত সংস্কার কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী রাজস্ব ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের সরকারি পরিষেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত হবে এবং অপ্রয়োজনীয় বিলম্ব অনেকাংশে দূর করা সম্ভব হবে।


মুখ্যমন্ত্রী আরও বলেন, এই সংস্কারগুলির সফল বাস্তবায়নের মাধ্যমে জনবান্ধব রাজস্ব প্রশাসন গড়ে তোলা, ব্যবসা পরিচালনার সহজ পরিবেশ (Ease of Doing Business) নিশ্চিত করা, ভূমি-সংক্রান্ত পরিষেবায় স্বচ্ছতা বৃদ্ধি এবং প্রশাসনিক ব্যবস্থায় জবাবদিহিতা আরও সুদৃঢ় করা সম্ভব হবে। পাশাপাশি ভূমি সংক্রান্ত নথিপত্রের ডিজিটাল ব্যবস্থাপনা ও আধুনিক জরিপ প্রযুক্তির ব্যবহার রাজ্যের রাজস্ব প্রশাসনকে আরও দক্ষ, নির্ভুল ও গতিশীল করে তুলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


রাজ্য সরকারের এই উদ্যোগ ত্রিপুরার ভূমি ও রাজস্ব ব্যবস্থার আধুনিকীকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে সাধারণ মানুষ, কৃষক, ভূমির মালিক এবং বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর পরিষেবা নিশ্চিত করতে সহায়ক হবে।






Cultural Heritage : ‘মন কি বাত’-এ ত্রিপুরার চৌংপ্রেং, প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad