খোয়াই, ৯ আগস্ট : খোয়াইয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই তরতাজা কলেজ ছাত্রের। রবিবার খোয়াইয়ের ধলাবিল ইচালিছড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই যুবকের নাম মনদ্বীপ পাল (২০) এবং ভীষ্ম দাস চৌধুরী (২০)। মনদ্বীপের বাড়ি ধলাবিল দেওলিয়াটিলা এলাকায় এবং ভীষ্মের বাড়ি খোয়াই বনকর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার পাঁচ বন্ধু মিলে ধলাবিল ইচালিছড়া এলাকার একটি জলাশয়ে স্নান করতে নামে। স্নানের সময় আচমকাই মনদ্বীপ ও ভীষ্ম গভীর জলে তলিয়ে যায়। ঘটনাটি অন্য বন্ধুদের চোখের সামনেই ঘটে। দুই বন্ধুকে জলে ডুবে যেতে দেখে তারা চিৎকার করে সাহায্যের জন্য এগিয়ে আসে। খবর পেয়ে স্থানীয়রাও ঘটনাস্থলে ছুটে আসেন এবং শুরু হয় উদ্ধারকাজ। পরে জলের মধ্য থেকে দুই যুবককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
মাত্র ২০ বছর বয়সী দুই তরুণের এভাবে আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা। একইসঙ্গে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুতে ধলাবিল ও খোয়াই বনকর এলাকাতেও শোকের আবহ তৈরি হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে দুই যুবক গভীর জলে তলিয়ে গেল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জলাশয়ে স্নানের সময় সকলকে বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে এই মর্মান্তিক ঘটনার পর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন