কুমারঘাট, ০৮ আগস্ট : অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ। তাকে ভারতে প্রবেশে সহযোগিতা করার অভিযোগে কুমারঘাটের এক যুব নেতাকেও আটক করা হয়েছে। শুক্রবার রাতে বিএসএফ দুজনকে আটক করে পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক বাংলাদেশি যুবকের নাম প্রসেনজিৎ চন্দ্র দেব (৩৩)। তাঁর পিতার নাম পরিতোষ দেব। তাঁর বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার অন্তর্গত শায়েস্তাগঞ্জ গ্রামে। অভিযোগ, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন।
অন্যদিকে, ওই বাংলাদেশি যুবককে ভারতে প্রবেশে সহযোগিতা করার অভিযোগে আটক করা হয়েছে দীপঙ্কর রায় (৩৭)-কে। তিনি কুমারঘাটের শান্তিপাড়া, নিদেবী এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম দীপেন্দ্র রায়। স্থানীয়ভাবে তিনি শাসকদলীয় যুব সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
শুক্রবার রাতে সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধির সময় বিএসএফের নজরে আসেন দুজন। এরপর তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক তদন্তের পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি যুবক প্রসেনজিৎ চন্দ্র দেব এবং তাঁকে সহযোগিতার অভিযোগে দীপঙ্কর রায়কে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে কুমারঘাট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে ওই বাংলাদেশি যুবক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলেন এবং তাঁকে ভারতে প্রবেশে ঠিক কী ধরনের সহযোগিতা করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।
আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ ও সীমান্ত পারাপারের সম্পূর্ণ বিষয়টি জানার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। তদন্তের স্বার্থে পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন