আগরতলা, ১৭ অক্টোবর : দুর্গাপুজোর আনন্দ-উৎসবের মধ্যেই চুরির ঘটনায় সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়ল একটি পরিবার। আগরতলার কুঞ্জবন এলাকায় এনসিসি থানার অন্তর্গত এই চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, পরিবারের সদস্যরা দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে বাড়ির বাইরে যাওয়ার সুযোগে বাড়িতে ঢুকে পড়ে চোরের দল। এরপর ঘর থেকে সোনার গয়না-সহ নগদ টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। পেশায় অটোচালক বিকাশ সাহার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা পুজো দেখতে বাইরে গিয়েছিলেন। পরে বাড়িতে ফিরে এসে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান তাঁরা। এরপর চুরির বিষয়টি সামনে আসতেই মাথায় হাত পড়ে পরিবারের সদস্যদের। দীর্ঘদিনের সঞ্চিত অর্থ এবং মূল্যবান স্বর্ণালংকার হারিয়ে তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
উৎসবের মরশুমে এমন ঘটনায় এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। পুজোর আনন্দের মধ্যে এই চুরির ঘটনা পরিবারটির কাছে বড়সড় আর্থিক ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হবে কি না, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। চুরির ঘটনায় প্রয়োজনীয় তদন্ত ও দোষীদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন