আগরতলা , ১১ জুলাই : রাজ্যের ছেলেমেয়েরা যাতে রাজ্যেই কর্মসংস্থানের সুযোগ পায় সে দিশায় কাজ করছে রাজ্য সরকার । সেই লক্ষ্যে দেশ বিদেশের বিভিন্ন বিনিয়োগকারী সংস্থাকে রাজ্যে বিনিয়োগ করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করার বিষয়ে রাজ্য সরকার কাজ করছে । আজ আইটি ভবনে ‘ ব্যাসিজ ’ ফান্ড সার্ভিসের অপারেশন সেন্টারের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডাঃ ) মানিক সাহা একথা বলেন ।
মুখ্যমন্ত্রী বলেন , দীর্ঘকাল ধরে রাজ্যবাসী দেখেছে যে রাজ্যের প্রতিভাবান ছেলেমেয়েরা রোজগারের আশায় বহির্রাজ্যে চলে যেত । সেখানে গিয়ে তারা নানা প্রতিকূলতার মধ্যে অর্থ উপার্জন করত । কিন্তু বর্তমান রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের ছেলেমেয়েদের রাজ্যেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে । সেই লক্ষ্যে গত বছরের ডিসেম্বর মাসে ‘ ডেস্টিনেশন ত্রিপুরা ' শীর্ষক এক সম্মেলনের আয়োজন করা হয়েছিল । সেই সম্মেলনে রাজ্য সরকারের পক্ষ থেকে দেশ বিদেশের বিভিন্ন বিনিয়োগকারী সংস্থাকে রাজ্যে বিনিয়োগ করার জন্য আহ্বান জানানো হয়েছিল । রাজ্য সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে শুধুমাত্র আইটি সেক্টরেই এখন পর্যন্ত ৮ টি সংস্থা রাজ্যে বিনিয়োগ করার জন্য এসেছে । এরমধ্যে ব্যাসিজ ফান্ড সার্ভিস অন্যতম একটি । আগামীদিনে এমন আরও সংস্থা রাজ্যে বিনিয়োগ করার জন্য আসবে বলে মুখ্যমন্ত্রী আশাব্যক্ত করেন ।
মুখ্যমন্ত্রী বলেন , ব্যাসিজ ফান্ড সার্ভিস রাজ্যে তাদের অপারেশন সেন্টার খোলার ফলে রাজ্যের ছেলেমেয়েদের কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হয়েছে । তিনি বলেন , সার্বিক উন্নয়ন ছাড়া কখনও একটি রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের উন্নয়ন ছাড়া কোনও কিছু ভাবেন না । উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নেও প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন ।
অনুষ্ঠানে ‘ ব্যাসিজ ’ ফান্ড সার্ভিসের ম্যানেজিং ডিরেক্টর আদিত্যপুরম শেষাদ্রিনাথ বলেন , গত বছরের ডিসেম্বর মাসে ত্রিপুরায় আয়োজিত ‘ ইনভেস্টমেন্ট ত্রিপুরা ’ সামিটের বিজ্ঞাপন দেখেই সংস্থা এখানে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে । ত্রিপুরায় বিদ্যুৎ , ইন্টারনেট পরিষেবা , যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যা বিনিয়োগের জন্য আদর্শ । ‘ ব্যাসিজ ’ ফান্ড সার্ভিস একটি বিশ্বব্যাপী কোম্পানি । ত্রিপুরায় ব্যাসিজ ফান্ড সার্ভিসের অপারেশন সেন্টার চালু হওয়ার ফলে স্থানীয় ছেলেমেয়েদের কর্মসংস্থানের নতুন পথ খুলে গেল । অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা , অধিকর্তা ডঃ নরেশ বাবু প্রমুখ ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন