আগরতলা , ১৫ জুলাই : ত্রিপুরায় রিয়াং ( ব্রু ) শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়ার কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্রুত সম্পন্ন করতে হবে । এক্ষেত্রে রিয়াং ( ব্রু ) নেতৃত্ব স্থানীয় প্রতিনিধি , সরকারি আধিকারিক সহ স্থানীয় লোকদের সার্বিক সহযোগিতা নিয়ে রিয়াং ( ব্রু) পুনর্বাসন প্রক্রিয়াটি সংশ্লিষ্ট দপ্তরকে মিশন মুডে সম্পন্ন করতে হবে । শুক্রবার সচিবালয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পৌরোহিত্যে রাজস্ব দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে রিয়াং ( ব্রু) শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়ার বর্তমান অবস্থা নিয়ে পর্যালোচনায় মুখ্যমন্ত্রী একথা বলেন । সভায় মুখ্যসচিব জে কে সিনহা , রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগরওয়াল , রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব প্রদীপ আচার্য সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন ।
সভায় রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগরওয়াল জানান , ভারত সরকারের নির্দেশমূলে আগামী ৩১ আগস্ট , ২০২২ - এর মধ্যে রিয়াং ( ব্রু) শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে । এক্ষেত্রে এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনও শরণার্থী পরিবার পুনর্বাসন প্রক্রিয়ায় নিজেদের অন্তর্ভুক্ত না করে তাহলে পরবর্তীতে তারা তাদের সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হবে । তাই ৩১ আগস্ট , ২০২২ - এর মধ্যে অবশ্যই সমস্ত রিয়াং শরণার্থীদের এই পুনর্বাসন প্রক্রিয়ায় নিজেদের তালিকাভুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে ।
সভায় রাজস্ব দপ্তরের প্রধান সচিব জানান , ত্রিপুরায় আশ্রিত মোট ৬,৯৫৯ টি রিয়াং ( ব্রু ) শরণার্থী পরিবারের মোট ৩৭ , ১৩৬ জন রয়েছে । তাদের স্থায়ী পুনর্বাসনের জন্য রাজ্যের মোট ১২ টি জায়গা চিহ্নিত করা হয়েছে । এখন পর্যন্ত ৩ , ১৪৫ টি পরিবারের পুনর্বাসনের কাজ চলছে । এরমধ্যে ১,৪৭৭ টি পরিবারের ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে । তিনি জানান , ১ , ১৮৯ রিয়াং ( ব্রু ) পরিবারের তালিকা ইতিমধ্যে পাওয়া গেছে । যাদেরকে চিহ্নিত জায়গাগুলিতে পুনর্বাসন দেওয়া হবে । বাকি ২,৬২৫ টি পরিবার কোন স্থানে স্থায়ীভাবে পুনর্বাসন নেবে তার তালিকা দ্রুত দেওয়ার জন্য রিয়াং ( ব্রু) নেতৃত্বদের কাছে বলা হয়েছে । এক্ষেত্রে প্রশাসন থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।
প্রধান সচিব জানান , ভারত সরকার , ত্রিপুরা ও মিজোরাম সরকার এবং শরণার্থীদের সংগঠন রিয়াং ( ব্রু ) অর্গানাইজেশনের মধ্যে চুক্তি অনুসারে যেসব সুবিধা রিয়াং ( ব্রু) শরণার্থীরা বর্তমানে পাচ্ছেন সেই বিষয়েও সভায় আলোকপাত করেন । তিনি আরও জানান , রিয়াং ( ব্রু ) পুনর্বাসন কেন্দ্রগুলিতে রাস্তা বিদ্যুৎ পরিশ্রুত পানীয়জল , স্বাস্থ্য পরিষেবা প্রভৃতির সুবিধা থাকবে । তিনি জানান , রিয়াং ( ব্রু ) আর্থিক সহায়তা ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে ।
Development : আদর্শ গ্রামপঞ্চায়েত পূর্ব গকুলনগরে ৬ টি প্রকল্পের উদ্বোধন


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন